২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

কুমিল্লা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার মধ্যরাতে চান্দিনা উপজেলায় এবং রোববার সকাল ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। মহাসড়ক পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চান্দিনা থেকে দাউদকান্দিগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান দুজন। অটোরিকশার যাত্রী শাহজাহান (৪৫) ঘটনাস্থলে নিহত হন। চালক জামাল হোসেন (৪০) মারা যান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে মাইক্রোবাস চালক আবদুল মান্নান (২৮) ও যাত্রী আয়েশা (দেড় বছর) ঘটনাস্থলে মারা যান বলে পুলিশ জানায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের ১০ যাত্রী আহত হয়। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/২০৩৫ ঘ.