বেনাপোল, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে চার বাংলাদেশি আহত হয়েছে।
রোববার ভোরে শার্শার অগ্রভুলোট সীমান্তে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অগ্রভুলোট গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজা মিয়া (৩৫), আব্দুল কুদ্দুসের ছেলে শরিফ হোসেন (৩০), রবিউল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫) ও আকবর আলীর ছেলে শওকত আলী (২৫)।
তারা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শওকত আলী বলেন, “ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতের ঝাউডাঙ্গা সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা আমাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আমরা গুলিবিদ্ধ হই।”
২৩ বিজিবি অগ্রভুলোট ক্যাম্প ইনচার্জ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত বিছু জানাতে চাননি।
এদিকে শার্শা থানার ওসি এ কে এম ফারুক জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনা তদন্তের জন্য এক পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৮৩৬ ঘ.
bdnews24