জয়পুরহাট, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবির কয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা।
শনিবার ভোর পাঁচটার দিকে ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির একটি টহল দল তাদের গ্রেপ্তার করে বলে জানান বিজিবির কর্মকর্তা মেজর মো. ফিরোজ আহমেদ।
আটককৃতরা হলো,ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার সোনাপাড়া গ্রামের রওশন আলী মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (১৯), একই গ্রামের মো. মকবুল মন্ডলের ছেলে মো. রেজ্জাক মন্ডল (১৮), মো. রেজাউল মন্ডলের ছেলে শামীম মন্ডল (১৬), জামাল উদ্দীন মন্ডলের ছেলে মো. রুম্মাদ মন্ডল (১৬) ও শ্রী উত্তম দেবনাথের ছেলে শ্রী সুদেব দেবনাথ (১৭)।
পরে বিকালে আটক পাঁচ ভারতীয় নাগরিককে পাঁচবিবি থানায় সোপর্দ করে বিজিবি। তারা ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে এসেছিল বলে গ্রামবাসী জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩৪১ঘ.
bdnews24