ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার ভিয়েতনাম থেকে লাওস যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুই দিন ব্যাপী ‘এশিয়া-ইউরোপ মিটিং সামিট অব হেডস অব স্টেট অ্যান্ড গভর্নমেন্ট’ শীর্ষক সম্মেলনটি শুরু হবে।
রোববার বিকেলে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনের উদ্দেশে হ্যানয় ত্যাগ করার আগে নিন বিন শহরের বাই দিন বৌদ্ধমন্দির পরিদর্শন করবেন হাসিনা।
শুক্রবার সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের এবার অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তির জন্য বন্ধুত্ব, সমৃদ্ধি অর্জনে অংশীদারিত্ব’। এর লক্ষ্য এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা শান্তি, স্থিতিশীলতা উন্নয়ন ও অগ্রগতি বৃদ্ধি।
এই সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সঙ্কট, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং সামাজিক-সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর নেতারা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
৭ নভেম্বর শেখ হাসিনা লাওসের প্রধানমন্ত্রী থনসুং থাম্মাভংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। একই দিন তিনি প্রেসিডেন্ট প্যালেসে লাওসের রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করবেন ও প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন।
ভিয়েতনাম যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা
শেখ হাসিনা শনিবার ভিয়েতনামের স্বাধীনতা এবং বিপ্ল¬বী সংগ্রামের নেতা হো চি মিনের প্রতি তার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি হ্যানয় ওয়ার মেমোরিয়ালে ভিয়েতনাম যুদ্ধের বীরদের প্রতিও শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী ভিয়েতনামের নেতা ও বীর শহীদদের প্রতি সম্মান জানাতে স্মৃতিসৌধের সামনে কয়েক মিনিট নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হো চি মিনের বাসভবন ও কার্যালয় পরিদর্শন করেন।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সফরসঙ্গী দলের অন্য সদস্যা এ সময় উপস্থিত ছিলেন।
বিকেলে প্রধানমন্ত্রী ভিয়েতনামের সামরিক ইতিহাস জাদুঘর পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২২৪৫ ঘ.
bdnews24