সুবীর রায়
খুলনা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবারের হাল ধরতে কিশোর বয়সেই মাছ ধরাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন শৈলেন্দ্র নাথ বিশ্বাস। ডাকাতিয়া বিলে মাছ ধরে দিন কাটতো তার। দৌলতপুরের বড় বাজারে মাছ বিক্রি করার সময় চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে বেদম মার খেয়েছিলেন তিনি।
অল্পবয়সেই এমন আরো অনেক ঘটনার জন্য নিজ এলাকার লোকজনের কাছে প্রশংসিত ছিলেন তিনি। খুলনার ডুমুরিয়া উপজেলার স্থানীয় মানুষজনের মুখে শলুয়া গ্রামের প্রেমচাঁদ বিশ্বাসের ছেলে শৈলেনের উত্থানের কাহিনীটা এমনই। কিন্তু কালক্রমে নৃশংসতার পরিচয় দিয়ে শুধু নিজের এলাকা নয়, পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের আতঙ্কে পরিণত হন তিনি।
স্থানীয় রাজনীতিতে ক্যাডার হিসেবে ভাড়া খাটা, চাঁদাবাজি-ডাকাতি, অপহরণ-ধর্ষণ-হত্যা, চিংড়ির ঘের দখল-জমি দখলের রাজনীতি, এভাবেই অপরাধ জগতে প্রতিষ্ঠা হয় তার। তিনি পরিচিত হন দক্ষিণ পশ্চিমাঞ্চলের আতঙ্ক চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন্দ্র নাথ বিশ্বাস শৈলেন হিসেবে।
এলাকাবাসী জানায় ১৯৯৪ সালে শৈলেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির দৌলতপুরের তৎকালীন দাপুটে নেতা গাজী কামরুলের সান্নিধ্য পান। কামরুলের সঙ্গে সখ্যতার পর তার বিশ্বস্ত ক্যাডার হিসেবে পরিচিতি লাভ করেন শৈলেন।
এ সময়েই একের পর এক সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িয়ে পড়েন শৈলেন। দৌলতপুর ও আড়ংঘাটা এলাকার আইয়ুব, সাখাওয়াত ও ইব্রাহিমকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন তিনি।
কিশোর বয়সে দৌলতপুরের মাছ ব্যাবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করতে যেয়ে যেই ‘টাইগার খোকন’ বাহিনীর হাতে মার খেয়েছিলেন সেই খোকনকেও শৈলেন নিজ হাতে গুলি করে হত্যা করেন বলে কথিত আছে।
গাজী কামরুলের বিপ্লবী কমিউনিস্ট পার্টি একসময়ে দুই ভাগ হয়। কামরুলের সহযোগী মৃণাল গঠন করেন ‘নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি। মৃণাল গ্রুপে নিজের অবস্থান পাকাপোক্ত করেন শৈলেন।
১৯৯৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে চরমপন্থীদের ‘স্বাভাবিক জীবনে’ ফিরে আসার জন্য সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় ৫টি অস্ত্রসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করে শৈলেন।
১৯৯৯ সালে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসেন শৈলেন। কিছুদিন চুপচাপ থাকলেও আবারও তার সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়। কিছুদিন পর শৈলেন ডুমুরিয়া অঞ্চলের চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান মৃণালের ‘সেকেন্ড ইন কমান্ড’ হন।
২০০১ সালের ৫ জানুয়ারি শৈলেন খুন করেন ডুমুরিয়া উপজেলা যুব লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ কবিরুল ইসলামকে। ২০০১ সালের জাতীয় নির্বাচনের পর মৃণাল, শৈলেন, দেবুসহ অন্যরা আরো বেপরোয়া হয়ে ওঠে।
২০০২ সালে এই বাহিনীর হাতে খুন হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোল্লা সিরাজুল ইসলাম। এই হত্যাকা-ের পর তৎকালীন চার দলীয় জোট সরকার তার দক্ষিণাঞ্চলের সন্ত্রাসীদের বিষয়ে তৎপর হয়ে ওঠে। পুলিশ শুরু করে সাঁড়াশি অভিযান। এ সময় সন্ত্রাসীদের ধরতে পুলিশ শৈলেনকে ‘সোর্স’ হিসেবে ব্যবহার করে বলে কথিত আছে। শৈলেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সন্ত্রাসী ধরিয়ে দেয়ার চেয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার। ডুমুরিয়ার বহু মানুষকে মৃণালের দোসর বলে দাবি করে পুলিশের সহায়তায় শৈলেন জেল হাজতে পাঠায় বলেও অভিযোগ রয়েছে।
তবে, সন্ত্রাস নির্মূলে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের সময় শৈলেন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে নিউ বিপ্লবী কমিউনিস্ট পাটির নেতা মৃণাল নিহত হওয়ার পর ওই চরমপন্থী সংগঠনের প্রধান হন শৈলেন।
২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর একের পর এক সন্ত্রাসীরা কথিত ক্রসফায়ারে নিহত হতে থাকায় শৈলেন আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে ভারতে আশ্রয় নিলেও ঘন ঘন দেশে আসা-যাওয়া করতেন পুলিশের তালিকায় এই শীর্ষ সন্ত্রাসী। এ অবস্থাতেই রংপুর, আড়ংঘাটা, শলুয়া এলাকায় একাধিক মাছের ঘের দখল করে নেওয়ার অভিযোগ ওঠে শৈলেনের বিরুদ্ধে।
শৈলেনের বিরুদ্ধে খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন থানায় ৫৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২১টি হত্যা মামলা। এ ছাড়াও তার বিরুদ্ধে অপহরণ, গুম, চাঁদাবাজির মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চলতি বছরের ৩১ জানুয়ারি ভারতে আত্মগোপনে থাকা শৈলেন বিশ্বাসের খুন হওয়ার খবর প্রচার হয়। এর দু’মাস পর ১ এপ্রিল শৈলেনকে অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গের বনগাঁ থানা পুলিশ। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ৮ এপ্রিল তাকে দমদম কারাগারে পাঠানো হয়। ভারতে তার বিরুদ্ধে অস্ত্র আইন এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দু’টি মামলা হয়। গত ৮ অগাস্ট পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে জামিনে মুক্ত হন শৈলেন।
ভারতে এছাড়াও বনগাঁর বাসিন্দা সুভাষ বিশ্বাস হত্যাকা-সহ বনগাঁ ও গাইঘাটা থানায় তিনটি খুনের মামলা হয় শৈলেনের বিরুদ্ধে। এর আগেও ২০১০ সালে ভারতের পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় দেড় বছর জেল খেটে ২০১১ সালের ডিসেম্বরে তিনি জামিনে মুক্তি পায়। মুক্তির পর শৈলেন কলকাতার অদূরে বিরাটিতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে আত্মগোপনে ছিলেন বলে খবর ছাপা হয়।
শনিবার রাত ৩টায় খুলনার ডুমুরিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শৈলেন।
খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী জানান, শৈলেনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, লুট, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৩৮টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএমটি/১৯২২ ঘ.
bdnews24