ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থেকে প্রাইম ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন।
নিখোঁজ শিক্ষার্থী মাসুদুর রহমান রানার (২৪) বাবা মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর বাঁশবাড়ি কাটাসুর মসজিদ মার্কেট থেকে বের হওয়ার পর রানাকে অপহরণকারীরা একটি মাইক্রোবাসে তুলে নেয়।
তিনি বলেন, “ঘটনার এক ঘণ্টা পর রানার মোবাইল ফোন থেকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা।”
ওই সময় রানার সঙ্গে কথা বলতে চাইলে অপহরণকারীরা কথা না বলতে দিয়ে শনিবার দুপুরে কথা বলতে দেয়ার কথা জানায়। কিন্তু শনিবার দুপুরে রানার নম্বরে ফোন করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রানা মিরপুর প্রাইম ইউনিভার্সিটির ৩য় সেমিষ্টারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী। থাকতেন কল্যাণপুরে। বাড়ি ঝিনাইদহের মহেশপুরের নন্দুমালায়।
মোহাম্মদপুর কাটাসুর মার্কেটে এক অংশীদারের সঙ্গে কম্পিউটারের একটি দোকান রয়েছে রানার।
এ ঘটনায় রানার ফুফু রাশিদা খাতুন মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১৮১০ ঘ.
bdnews24