বগুড়া, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যায় বগুড়া থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে বগুড়ার কামারগাড়ী এলাকায় সান্তাহারগামী একটি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বগুড়ার স্টেশন মাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়ার পর সন্ধ্যা ৭টায় পুনরায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে।
এর আগে বগুড়া স্টেশনের সুপারিনটেনডেন্ট বেলাল উদ্দিন জানান, লালমনিরহাট থেকে সান্তাহারগামী ৪৮২ নম্বর লোকাল ট্রেন বগুড়া স্টেশন ছেড়ে যাওয়ার সময় ২১ নম্বর গেটে কামারগাড়ী এলাকায় ট্রেনের পেছনের মালবাহী একটি বগি লাইনচ্যুত হয়।
এসময় লোকাল ট্রেনটি নিরাপদে সান্তাহার চলে গেলেও লাইনচ্যুত বগির কারণে সান্তাহার-বোনারপাড়া রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বগি লাইনচ্যুত হওয়ায় লালমনিরহাট থেকে বোনারপাড়া হয়ে সান্তাহার ও লালমনিহাট থেকে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৯১২ ঘ.
bdnews24