২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা দ্রুত রহস্য উন্মোচনের আশা স্বরাষ্টমন্ত্রীর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আশা করি অচিরেই হত্যা রহস্য উন্মোচন করা সম্ভব হবে।” সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যকান্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাগর-রুনির হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সাংবাদিক নেতারা। আগামী ২৪ নভেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে পরদিন ঢাকায় মহাসমাবশে করে পরবর্তী কর্মসূচি পালন করবে সাংবাদিকেরা। এর আগে গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বহুল আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে সনাক্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র নিতাই হত্যা মামলার আসামি পাঁচজন ছাড়া গ্রেপ্তার রয়েছেন নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক ‘বন্ধু’ তানভীর এবং তাদের বাড়ির পাহারাদার রুদ্র ওরফে পলাশ। আরেক পাহারাদার হুমায়ুন ওরফে এনামুল পলাতক। তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। শুরুতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এই হত্যামামলার তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে র‌্যাব তদন্তের ভার পায়। সভায় নয়টি চাঞ্চল্যকর মামলা দিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মামলাগুলো দ্রুত তদন্ত করা হচ্ছে কী না, সভায় তা পর্যালোচনা করা হয়েছে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭২০ ঘ.