ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য ‘হেল্প লাইন’ চালু করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।
শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সহায়তার পাওয়ার জন্য স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা ফোন (নম্বর: ২১২-৮৬৭-৩৪৩৪ ও ৭১৮-৬৩৯-০৭৬৮/৩৪৭-৭০৬-০৮৪৬) করতে করতে পারবেন।
এছাড়া জাতিসংঘ স্থায়ী মিশন থেকে দুটি ই-মেইল অ্যাকাউন্টও দেয়া হয়েছে যোগাযোগের জন্য। এগুলো হলো-stawhid@gmail.com, karimtafazzul@gmail.com
তথ্য বিবরণীতে বলা হয়, ঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন।
গত ২৯ অক্টোবর রাতে ঘণ্টায় ৮০ মাইল বেগে নিউ জার্সি উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডি। রেকর্ড ১৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে তলিয়ে যায় নিউ ইয়র্কের বিস্তীর্ণ এলাকা। ক্যাসিনোর জন্য বিখ্যাত আটলান্টিক সিটিও চলে যায় পানির নিচে।
এই ঝড়ে এ পর্যন্ত অন্তত ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে।
স্যান্ডিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের ব্রুকলিন, যেখানে অনেক বাংলাদেশির বসবাস। এখনও সেখানে বিদ্যুৎহীন অনেক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।
এদিকে, স্যান্ডি বিধ্বস্ত আটলান্টিক সিটিতে বাড়ি ফিরতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে গাড়িতে অপেক্ষা করছেন প্রায় তিন হাজার বাংলাদেশি।
তারা বলছেন, ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাসের পানির কারণে শহরের পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় পুলিশ ঝড়ের সময় সরিয়ে নেয়া বাসিন্দাদের বাড়ি ফিরতে দিচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১১২৫ ঘ.
bdnews24