কক্সবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুটকি ভর্তি একটি ট্রলার আটকের জের ধরে ব্যবসায়ীদের অবরোধের কারণে কক্সবাজার-টেকনাফ সড়কে বৃহস্পতিবার প্রায় সাত ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
তবে বিজিবি বলছে, ওই ট্রলার থেকে অবৈধ সিগেরেট আটক করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা বৈঠকের পর সন্ধ্যা ৭টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে দুটি ট্রলারকে থামার সংকেত দেয়।
এ সময় চালকরা কেরুনতলি এলাকায় ট্রলার দুটি থামিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ২০ মেট্রিক টন শুটকি মাছের ভেতর থেকে ২৬৬ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয় বলে দাবি করেন ওই কোস্টগার্ড কর্মকর্তা।
তিনি জানান, ট্রলারগুলোতে আমদানি নিষিদ্ধ অবৈধ পণ্য থাকায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার জের ধরে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী ও ট্রাক মালিকরা বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার সড়ককে এলোপাতারি যানবাহন রেখে অবরোধ করে।
পরে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম, থানার ওসি মো. ফরহাদ ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মামুন ব্যবসায়ী ও ট্রাক মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।
ইউএনও মো. সামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ী ও ট্রাক মালিকদের সঙ্গে বৈঠক করে সমঝোতার মাধ্যমে সন্ধ্যা সাতটার দিকে সড়ক অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
টেকনাফ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামূল হক বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ পণ্যের কথা বলে মিয়ানমার থেকে আমদানি করা শুটকি জব্দ করায় এ অবরোধ করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়েছে।
শুটকি ছেড়ে দেয়া না হলে আবারো সড়ক অবরোধ হবে বলে জানান এতেশামূল।
টেকনাফে স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা ফারুক উদ্দিন বলেন, দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দর থেকে মালামাল ভর্তি কোনো ট্রাক ছেড়ে যেতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৩ ঘ.
bdnews24