নারায়ণগঞ্জ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ফতুল্লার পর সোনারগাঁওয়ে একই প্রক্রিয়ায় বিদ্যুতের আরেকটি ট্রান্সফর্মার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে সোনারগাঁওয়ের কাঁচপুরের সোনাপুর এলাকায় নৈশপ্রহরীকে বেঁধে ট্রান্সফর্মারটি চুরি হয় বলে পুলিশ জানিয়েছে।
নিরাপত্তা প্রহরী আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে ২৫-৩০ জন এসে তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে ট্রান্সফরমার খুলে ট্রাকে করে নিয়ে যায়।
ট্রান্সফর্মার চুরি যাওয়ায় সোনাপুর ও আশেপাশের এলাকার প্রায় দেড় শতাধিক পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
সোনারগাঁ থানার ওসি হারুন অর রশিদ জানান, ট্রান্সফর্মার চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেয়া হয়েছে। পুলিশ চোরদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
সোমবার রাতে ফতুল্লায়ও একই কায়দায় নৈশ প্রহরীকে বেঁধে ট্রান্সফর্মার লুট হয়।
এর আগেও বিভিন্ন স্থান থেকে একাধিক ট্রান্সফর্মার চুরি হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১৫ ঘ.
bdnews24