সাদেকুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
নওগাঁ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ শুরুর পর বাজেট প্রায় চারগুণ বেড়ে যাওয়ায় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ থমকে গেছে।
৫০ কোটি টাকার এই প্রকল্পের ৪৮ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ ২০০৫ সালে শুরু হয়। পুরো রাস্তায় মাটি ফেলা হয়। আট কিলোমিটার পাকাও করা হয়।
তারপরই এই মহাসড়কের চলনবিলের অংশের জন্য হাইড্রোলজি সমীক্ষা করে কাজ করার সিদ্ধান্ত নেয় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। নতুন করে আরো দেড়শ কোটি টাকা বরাদ্দ চেয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে দাখিল করা প্রকল্প আজো আলোর মুখ দেখেনি।
ফলে সেই আঞ্চলিক মহাসড়ক এখন স্থানীয়রা ব্যবহার করছে বনায়ন আর গোচারণে।
নওগাঁর রানীনগর, আত্রাই, রাজশাহীর বাগমারা, নাটোরের নলডাঙ্গা, সদর ও বগুড়ার আদমদিঘী উপজেলার কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সহজ করার জন্যই এই মহাসড়কের নির্মাণকাজ শুরু হয়।
এই মহাসড়ক দিয়ে নাটোর থেকে ঢাকা আসতে প্রায় ৫০ কিলোমিটার রাস্তা কমে যেত বলে জানান আত্রাই-রানীনগর এলাকার সংসদ সদস্য ইসরাফিল আলম।
মহাসড়ক নির্মাণের কাজ থমকে যাওয়ার জন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন এই সাংসদ।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, যেহেতু সড়টির কিছু অংশ চলনবিলের মধ্যে পড়েছে, এজন্য এর স্থায়ীত্বের বিষয়ে পরিকল্পনা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হাইড্রোলজি সমীক্ষা করে কাজ করার সিদ্ধান্ত হয়।
“কিন্তু একাধিকবার দরপত্র আহ্বান করেও যোগাযোগ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক দরপত্র জমা না পড়ায় কাজটি শুরু করা সম্ভব হচ্ছে না। এরপরেও একটি সমীক্ষাকে অন্তর্ভুক্ত করে ডিপিপি প্রকল্প প্রস্তুত করে একনেকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”
তিনি জানান, ২০০৫ সালের ২৮ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাটোরের নলডাঙ্গায় এই মহাসড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন। এরমধ্যে ৪৮ কিলোমিটারে মাটি কাটার কাজ এবং নওগাঁ অংশের ২৬ কিলোমিটারের মধ্যে ৮ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে।
পাঁচুপুর (আত্রাই সদর) ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু বলেন, এখন নওগাঁ থেকে ঢাকা যেতে হলে ঘোরপথে বগুড়া হয়ে যেতে হয়। এ মহাসড়কটি নির্মিত হলে নাটোর হয়েই ঢাকা যাওয়া যাবে। এছাড়া আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও অনেক পথ ও অর্থ কমে আসবে।
বৃহত্তর জনস্বার্থে এ সড়কটি নির্মিত হওয়া বিশেষ প্রয়োজন বলে জানান রানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহীদুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২০৬ ঘ.
bdnews24