ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনায় লাশের সুরতহাল প্রতিবেদনে মৃত্যুর প্রাথমিক কারণ উল্লেখ না করায় মামলার বাদিকে ভর্ৎসনা করেছেন বিচারক।
বৃহস্পতিবার এই মামলার বাদি এসআই মোশাররফ হোসেনকে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোতাহের হোসেন এ ভর্ৎসনা করেন।
মোশাররফ হোসেন আদালতে সাক্ষী দিতে এলে বিচারক তাকে প্রশ্ন করেন, “আইন জানেন না? কেন আপনি সুরতহাল রিপোর্টে মৃত্যুর প্রাথমিক কারণ উল্লেখ করেননি?”
এদিন বাদির জবানবন্দি রেকর্ড করার পর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন রাখেন বিচারক।
এসময় মামলার পাঁচ আসামির মধ্যে চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরা হলো- সাইফুল ইসলাম মামুন, আল আমিন, আকবর আলী, মো. রফিকুল ইসলাম। অপর আসামি সেলিম চৌধুরী পলাতক রয়েছে।
দ্রুত নিষ্পত্তির জন্যে এ মামলা ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর পর এদিন ছিল শুনানির চতুর্থ তারিখ।
বাদীর জবানবন্দি শেষে আসামি পক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম খন্দকার বাদীকে জেরা করেন।
জেরার এক পর্যায়ে তিনি বাদিকে প্রশ্ন করেন, সুরতহাল রিপোর্টে মৃত্যুর প্রাথমিক কারণ উল্লেখ করেছেন কি?
বাদির নেতিবাচক উত্তরে বিচারক তার উদ্দেশে বলেন, সুরতহাল রিপোর্টে অব্যশই কী কারণে ভিকটিমের মৃত্যু হয়েছে তা উল্লেখ করতে হবে।
গত বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ মামলায় অভিযোগ গঠন করেন। গত ২০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন ঢাকার মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ওবায়দুল হক।
দ-বিধির ৩৯৬ ধারায় দাখিল করা এ অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী রয়েছেন ৩১জন।
গত ৫ মার্চ গুলশানে নিজ বাসার কাছে খুন হন সৌদি নাগরিক খালাফ আল আলী। গুলশানের কূটনৈতিক পাড়ায় রাস্তার ধারে তার বুলেটবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
অভিযোগপত্র থেকে জানা যায়, মামলার অন্যতম আসামি আল আমিন বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে যে, সাইফুলসহ বাকি চার অভিযুক্ত খালাফকে ঘিরে ধরে এবং তার কাছে ডলার চায়। ডলার না দেওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যায়।
গত ২৫ জুলাই সৌদি কূটনীতিক খালাফ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24