২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ ট্রাক অস্ত্র: হাবিলদার গোলাম রসূলের জেরা চলছে

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম সাক্ষী কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাড়িঁর হাবিলদার গোলাম রসুলের জেরা অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2012, 01:33 PM

Updated : 24 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রত্যক্ষদর্শী ও মামলার অন্যতম সাক্ষী কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাড়িঁর হাবিলদার গোলাম রসুলের জেরা অব্যাহত রয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে বৃহস্পতিবার দুপুর সোয়া বারটায় শুরু হয়ে এক ঘন্টার বিরতিতে বিকাল পৌনে পাঁচটা পর্যন্ত তাকে জেরা করেন আসামি পক্ষের পাঁচ আইনজীবী। এসময় হাবিলদার গোলাম রসূলকে জেরা করেন আসামি মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বার, দ্বীন মোহাম্মদ, হাজী আবদুস সোবহান, মো. জসিম ও মেজর লিয়াকত হোসেনের আইনজীবী। এরমধ্যে মেজর লিয়াকত হোসেনের আইনজীবীর জেরা অসমাপ্ত রেখেই বিচারক আগামী ১৩ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। বুধবার আদালতে দেওয়া সাক্ষ্যে গোলাম রসুল বলেন, “ঘটনার রাতে জেটি ঘাটে উপস্থিত হাফিজ ও উলফা নেতা আবুল হোসেন পরিচয় দানকারী মেজর লিয়াকত কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমানকে বলেন, এসব অস্ত্র ও গোলাবারুদ উলফার জন্য আনা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সব সংস্থা এ বিষয়ে অবগত আছে।” জেরায় মেজর লিয়াকত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ গোলাম রসুলকে প্রশ্ন করেন, ঘটনার বিষয়ে বন্দর ফাঁড়ির কনস্টেবল এ কে মহিউদ্দিন চৌধুরী আপনাকে সর্বপ্রথম সংবাদ জানায়। উত্তরে গোলাম রসুল বলেন, “মিথ্যা। আমি টেলিফোনে প্রথম সংবাদ পাই।” এরপর আইনজীবী প্রশ্ন করেন, কনস্টেবল মহিউদ্দিন চৌধুরীকে নিয়ে সর্বপ্রথম আপনি টেক্সিযোগে ঘটনাস্থলে যান। সেখানে আপনাদের চাঁদার দাবি না মানায় সার্জেন্ট আলাউদ্দিনকে আনতে আবার কান্দিরহাট এলাকায় যান। জবাবে গোলাম রসুল বলেন, “সত্য নয়।” জেরার শেষ দিকে মেজর লিয়াকত হোসেনের আইনজীবী প্রশ্ন করেন, পুনঃতলবে সাক্ষ্য দিতে এসে কী বলতে হবে তা রাষ্ট্রপক্ষ ও মামলার তদন্ত কর্মকর্তা আপনাকে শিখিয়ে দিয়েছে? গোলাম রসুল বলেন, “তা সত্য নয়।” এর আগে বেলা পৌনে বারটার দিকে কড়া নিরাপত্তায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৃৎফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/১৯২৫ ঘ.