গাজীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কেন্দুয়ারবাইদ এলাকা থেকে বিমল চন্দ্র দেবনাথের (২৪) লাশ উদ্ধার করা হয়।
বিমল কুমিল্লার নারিন্দিয়া খলিলাবাদ এলাকার বাসিন্দা। কালিয়াকৈরে একটি রেডিও টেলিভিশন মেরামতের দোকানে কাজ করতেন তিনি।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, দোকান থেকে বাড়ি যাওয়ার পর বুধবার রাতে কোনো এক সময়ে বিমলকে হত্যা করে ঘরের পাশে লাশ ফেলে রাখা হয়।
নিহতের পেট, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, এলাকাবাসী অভিযোগ করেছে- দোকানের মালিক নাজিরুল পিটিয়ে বিমলকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নাজিরুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৩৪ ঘ.
bdnews24