পটুয়াখালী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে অটোরিকশার সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে এক চালক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় শহরের লোহালিয়া খেয়া ঘাটের কাঠপট্টি প্রান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সুমন শিকদার (২৬) শহরের কাঠপট্টি এলাকার সোহরাব সিকদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত অপর অটোরিকশা চালক তৌহিদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তৌহিদ অটোরিকশার সিরিয়াল নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সুমনকে ঘুষি দিলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় সুমনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তৌহিদকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৫ ঘ.
bdnews24