ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে সোমবার সরকারি অফিস-আদালত খুললেও উপস্থিতির হার একেবারেই কম।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সকাল ৯টা থেকেই আসতে শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপস্থিতির হার ৬০ শতাংশের মতো ছিল বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
সচিবালয়ের অনেক কক্ষেই ওই সময় পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেখা যায়নি।
যারা সোমবার অফিসে এসেছেন, সকালের অংশে তাদের সময় কেটেছে পরস্পরের সঙ্গে কোলাকুলি আর কুশল বিনিময় করে।
সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটি শেষ হলেও অনেকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে পারেননি। তাই আজ উপস্থিতির হার কম।”
ঈদের ছুটির সঙ্গে অনেকেই বাড়তি দুই বা তিনদিন ছুটি নিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গেছেন। তারা ফিরলে চলতি সপ্তাহের শেষ দিকে উপস্থিতির হার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ওই কর্মকর্তা।
ঈদের ছুটির পরও তার আমেজ থাকায় সচিবালয়ে দশর্ণার্থীদের অভ্যর্থনা কক্ষটি একেবারে খালি দেখা যায়। এমনিতে সোমবার মন্ত্রীসভার নিয়মিত বৈঠক হলেও এদিন তাও হচ্ছে না বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১২১০ ঘ.
bdnews24