ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া ও শ্রীনগরে দুটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও সাত জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, সকাল ৭টায় গজারিয়া উপজেলার আলীপুরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো চারজন।
নিহত একজনের বয়স ৫০ এর বেশি। অন্যজনের বয়স আনুমানিক ২২ বছর। তবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি।
ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্য জয়নাল আবেদীন জানান, চাকা ফুটো হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারান মাইক্রোবাসের চালক। ফলে মাইক্রোবাসটি ট্রাকটিকে পেছন সজোরে ধাক্কা খায়। এতে এর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এদিকে প্রায় একই সময়ে শ্রীনগর উপজেলার বেঁজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে বেলা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাওয়াগামী এক টেম্পো আরহী নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম (৫০) মুন্সীগঞ্জের মুক্তারপুরের ডকইয়ার্ডের কর্মী। তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান জানান, মাওয়াগামী বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আহতের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯৪০ ঘ.
bdnews24