২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির আহ্বানে প্রতিমা বিসর্জন কক্সবাজারে

সাম্প্রদায়িক সন্ত্রাসের ক্ষতচিহ্ন নিয়ে সম্প্রীতির আহ্বান জানিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে কক্সবাজার সৈকতে, যাতে অন্য ধর্মের মানুষও অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

কক্সবাজার, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িক সন্ত্রাসের ক্ষতচিহ্ন নিয়ে সম্প্রীতির আহ্বান জানিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে কক্সবাজার সৈকতে, যাতে অন্য ধর্মের মানুষও অংশ নেয়। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বুধবারই ছিল শেষ দিন। এদিন সারাদেশের মতো কক্সবাজারেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গোৎসব। কক্সবাজার সৈকতে দুপুর ২টা থেকে জেলার নানা মণ্ডপ থেকে প্রতিমাগুলো আসতে থাকে। সেই সঙ্গে আসে ভক্ত, পুণ্যার্থী ছাড়াও দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক। এই সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে বলে স্থানীয়দের ধারণা। এরপর সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান হয় সৈকতের লাবনী পয়েন্টের মুক্ত মঞ্চে, তারপরই শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। শেষ আরতী, ঢোল-বাদ্যের সঙ্গে চলতে থাকে বিসর্জন। অনেকের মুখে ছিল ‘মা দুর্গার জয়’ স্লোগান। কক্সবাজারের ২৪৮টি মণ্ডপের মধ্যে শতাধিক মণ্ডপের প্রতিমা সৈকতে বিসর্জন দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কক্সবাজারের সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় ঘোষণা হল। এতে সব ধর্মের মানুষের শামিল ছিল।” অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, এথিন রাখাইন এমপি, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে উগ্রপন্থীদের হামলার এক মাসের কম সময়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা শুরু হয়। গত ২৯ সেপ্টেম্বর রামুতে হামলা চালিয়ে বৌদ্ধ মন্দির ও বাড়ির-ঘর ভাংচুর ও লুটপাট হয়। তারপর সরকার থেকে বিভিন্ন মহল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৭ ঘ.