২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাইব্যুনাল ফার্স্টক্লাস’

প্রসিকিউশনের এক সাক্ষীর জেরার সময় আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি পেয়ে ট্রাইব্যুনাল সম্পর্কে এই মন্তব্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই বিএনপি নেতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে প্রকাশ্যে কটাক্ষ করে আসা সালাউদ্দিন কাদের চৌধুরী এই প্রথম এর কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার প্রসিকিউশনের এক সাক্ষীর জেরার সময় আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি দেয়া হয় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এই বিএনপি নেতাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একজন বিচারক তখন জানতে চান, ট্রাইব্যুনালের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট কি না? তখন সালাউদ্দিন কাদের বলেন, “ফার্স্ট ক্লাস।” এদিন মধ্যাহ্ন বিরতির পর সাক্ষী ফ্রিল্যান্স সাংবাদিক নিজামুদ্দীন আহমেদের জেরা শুরু হলে কাঠগড়ায় বসে উঁচু স্বরে কিছু বিষয় উত্থাপন করতে চান সালাউদ্দিন কাদের। ট্রাইবুনালের প্রধান বিচারপতি নিজামুল হক উত্তেজিত না হয়ে সালাউদ্দিন কাদেরকে তার বক্তব্য আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে বলেন। এর পর তিনি তার আইনজীবী আহসানুল হক হেনার সঙ্গে কথা বলেন। এদিন প্রসিকিউশনের সাক্ষী নিজাম উদ্দীনের জেরা শেষ হয়। পরে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মুলতবি করে। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে গত ১৪ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। নিজামের আগে আরো ১৪ জন সাক্ষ্য দেন। গত ৪ এপ্রিল সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাকে গ্রেপ্তার করা হয় ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর। এদিকে মঙ্গলবার ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমানের জেরা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এ মামলার শুনানি ঈদের পর ৩০ অক্টোবর পুনরায় শুরু হবে। প্রসিকিউশনের তালিকায় নাম, সাক্ষ্য সাঈদীর পক্ষে প্রসিকিউশনের তালিকায় সাক্ষী হিসেবে থাকলেও ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন গণেশ চন্দ্র সাহা নামে এক ব্যক্তি। প্রসিকিউশন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী তালিকায় তার নাম ট্রাইব্যুনালে দিলেও তাকে হাজির করতে পারেনি। তবে তিনি সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে হাজির হন। গণেশ তার জবানবন্দিতে বলেন, “আমার মাকে পাক সেনারা হত্যা করেছে। সাঈদী সাহেব আমার মায়ের হত্যার সঙ্গে জড়িত ছিলেন না।” প্রসিকিউশনের কৌঁসুলিরা অবশ্য দাবি করছেন, টাকার বিনিময়েই তিনি গণেশ মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তবে আসামি পক্ষ এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, মায়ের হত্যা নিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। সপ্তদশ সাফাই সাক্ষী গণেশ সাহার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শেষ হয়েছে। আগামী ৫ নভেম্বর শুরু হবে যুক্তিতর্ক শুনানি। গত বছরের ১৪ জুলাই সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ১৯ নভেম্বর থেকে সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে সাক্ষ্য নেওয়া শুরু হয়। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচ/এইচএএইচ/এমআই/২১২০ ঘ.