২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিত হত্যাকাণ্ড: চিহ্নিতরা গ্রেপ্তার হয়নি

পুরান ঢাকার যুবক বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে গণমাধ্যমে চিহ্নিতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 07:23 PM

Updated : 24 Aug 2022, 12:38 PM

পুরান ঢাকার যুবক বিশ্বজিত দাস হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে গণমাধ্যমে চিহ্নিতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

২৪ ঘন্টার মধ্যে বিশ্বজিত হত্যায় জড়িতদের গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশের বিষয়েও মন্তব্য আসেনি পুলিশের পক্ষ থেকে।

মহানগরের পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, “বিশ্বজিত হত্যার ঘটনার সময় যে কয়জন অংশ নিয়েছিল তাদের মধ্যে ছয় জনকে সনাক্ত করা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের কাছে দুই দফা দাবি করেন, আটজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিডিয়ায় যাদের চিহ্নিত করা হয়েছে তাদের গ্রেপ্তার করা সম্ভব না হলেও হামলাকারীদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

ইতোমধ্যে এই ঘটনায় জড়িতদের মধ্যে পাঁচ জনকে চিহ্নিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কার করেছে।

বাকিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর ড. অশোক কুমার সাহা।

বিএনপি হরতাল চলাকালে গত রোববার বিশ্বজিতকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় সুত্রাপুর থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

এই ঘটনা বিভিন্ন সংবাদ মামে প্রকাশিত এবং প্রচারিত হওয়ার পর নানামুখী আলোচনা হয়। ঘটনার সঙ্গে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে।

জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃতরা হলো- মাহফুজুর রহমান (নাহিদ), ইমদাদুল হক, রফিকুল ইসলাম (শাকিল), মীর মো. নুরে আলম, (লিমন), ওবাইদুল কাদের এবং সাইফুল ইসলাম।

এ ছাড়া সাইফুল ইসলাম এবং রাশেদুল হাসান শাওনের ছবি প্রকাশিত হলেও তাদের বিষয়ে অনুসন্ধান শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর।