২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে মিশরীয়দের গণভোট শুরু

বিতর্কিত নতুন সংবিধান প্রশ্নে গণভোটে বুধবার থেকে ভোট দিতে শুরু করেছে বিদেশে বসবাসরত মিশরীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিতর্কিত নতুন সংবিধান প্রশ্নে গণভোটে বুধবার থেকে ভোট দিতে শুরু করেছে বিদেশে বসবাসরত মিশরীয়রা।

বিদেশের মিশরীয় দূতাবাস এবং কনস্যুলেটগুলোতে ভোট শুরুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা। ৫৮৯,০০০ অভিবাসী মিশরীয়র এ ভোট শনিবার পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে খবরে।

ওদিকে, গণভোটের প্রতিবাদে অনেক বিচারকই এখনো ভোট তদারকে রাজি না থাকায় মিশরে ১৫ এবং ২২ ডিসেম্বর দুইদিন গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

কায়রো এবং আলেক্সান্দ্রিয়াসহ ৮ টি এলাকায় গণভোট হবে ১৫ ডিসেম্বরে। এর পরের সপ্তাহে আরো ১৭ টি এলাকায় ভোটগ্রহণ হবে বলে বিবিসি’কে জানিয়েছে মিশরের বিচারমন্ত্রণালয়ের এক সূত্র।

বিদেশে মিশরীয়দের গণভোট শুরু হল তার অনেক আগেই। এতে করে হোঁচট খেল এ প্রক্রিয়ায় বিলম্বের আশায় থাকা সরকারবিরোধীরা।

গণভোটের প্রতিবাদে পাল্টাপাল্টি বিক্ষোভে এখনো উত্তাল মিশর। গণভোটের পক্ষ এবং বিপক্ষের পাল্টাপাল্টি মিছিল চলছে রাজধানী কায়রোয়।

মঙ্গলবার গণভোটের বিরোধীরা প্রেসিডেন্ট প্রাসাদ ভবনের বেষ্টনী ভেঙে দিয়েছে। ওদিকে, গণভোটের সমর্থকরা তাহরির স্কয়ারে সমাবেশ করেছে। কায়রো ছাড়া অ্যালেকজান্দ্রিয়া এবং আসুয়িত এও বিক্ষোভ চলছে।

মিশরের জাজেস ক্লাব জানিয়েছে, ৯০ শতাংশ বিচারকই গণভোট তদারক করতে অস্বীকৃতি জানাচ্ছে। রাজনৈতিক সঙ্কটের কারণে বিলম্বিত হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে মিশরের ঋণ পাওয়ার প্রক্রিয়া।

ফলে সঙ্কট সামাল দিতে বুধবার সব দলকে জাতীয় সংলাপে ডেকেছেন মিশরের সামরিক বাহিনী প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাতাহ আল-সিসি।

এ সংলাপে রাজনীতি বা খসড়া সংবিধান নিয়ে আলোচনা নয় বরং মিশরীয় হিসাবে একসঙ্গে আলাপচারিতায় বসা হবে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তার দল মুসলিম ব্রাদারহুড এ সংলাপে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধান বিরোধী জোট এখনো সংলাপে বসার ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানায়নি।

বিরোধীদল গত সপ্তাহেও মুরসির ডাকা একটি সম্প্রীতি বৈঠকে যোগ দেয়া থেকে বিরত ছিল।

আর এখন সামরিক বাহিনীর ডাকা ‘ঐক্য’ সংলাপে গণভোট বাতিলের কিংবা খসড়া সংবিধানে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত না হলে এ আলোচনা কোনো ফল বয়ে আনবে না বলেই মনে করছেন অনেকে।

প্রস্তাবিত নতুন সংবিধান মিশরের আট কোটি নাগরিকের প্রতিনিধিত্ব করে না বলে সংবিধান ও গণভোট প্রত্যাখ্যান করে আসছে বিরোধীদলগুলো।

২২ নভেম্বর এক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করে মুরসি ব্যাপক ক্ষমতা অধিগ্রহণ করার পরদিন থেকে মিশরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ব্যাপক প্রতিবাদের মুখে ডিক্রিটি বাতিল করতে বাধ্য হন মুরসি কিন্তু সাংবিধানিক গণভোট আয়োজনে অটল থাকেন।

গণভোট অনুষ্ঠান নির্বিঘœ করতে ও সরকারি সম্পদ রক্ষা করতে দেশটির সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট মুরসি। এ বিষয়ে জারিকৃত এক ডিক্রিতে তিনি যে কোনো নাগরিককে গ্রেপ্তারের অনুমতি দিয়েছেন সেনাবাহিনীকে।