২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় থেকেই যাবেন ইয়াজউদ্দীন

ঘটনাবহুল একটি সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইয়াজউদ্দীন আহম্মেদের নাম বারবারই উঠবে, তা আলোচনায় হোক আর সমালোচনায়ই হোক।

আজিজ হাসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2012, 12:41 PM

Updated : 25 Apr 2022, 10:00 PM

ঘটনাবহুল একটি সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ইয়াজউদ্দীন আহম্মেদের নাম বারবারই উঠবে, তা আলোচনায় হোক আর সমালোচনায়ই হোক।

ভাষা আন্দোলনে অংশগ্রহণ, শিক্ষক নেতা হিসেবে ’৯০ এর আন্দোলনে সক্রিয়তা, গবেষক হিসেবে অবদান কিংবা রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণ- সবকিছুই ছাপিয়ে ২০০৬ সালের শেষভাগ থেকে পরবর্তী দুই বছরের কার্যক্রমেই দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন ইয়াজউদ্দীন।

সোমবার ইয়াজউদ্দীনের জীবনাবসান যখন ঘটল, তখন দেশের রাজনৈতিক মতবিরোধের কেন্দ্রে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, যা বিতর্কিত হয়ে ওঠার কারণ হিসেবে তাকে দায়ী করা হয়, যদিও এই জল্পনাও রয়েছে যে ওই সিদ্ধান্তগুলো আসলে তিনি নেননি।

২০০২ সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন দলের চাপের মুখে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে আপাত দৃষ্টিতে নির্বিরোধী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ইয়াজউদ্দীনকে রাষ্ট্রপতির দায়িত্বে আনেন খালেদা জিয়া।

১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবে আন্দোলনে সক্রিয় থাকা ইয়াজউদ্দীন রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর পরবর্তী তিন বছর প্রচারের আড়ালে থাকলেও ২০০৬ সালে তিনিই হয়ে ওঠেছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।

২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের তোড়জোড়ের সময় দেখা দেয় রাজনৈতিক বিরোধ।

ওই সরকারের প্রধান হওয়ার ক্ষেত্রে প্রথম ব্যক্তি ছিলেন ওই সময়ে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি কে এম হাসানের, কিন্তু বিচারপতির দায়িত্ব নেয়ার আগে বিএনপির সঙ্গে তার সম্পৃক্ততা তুলে ধরে তাকে মেনে নিতে আপত্তি জানায় আওয়ামী লীগ।

ওই সময়কার সরকারি দল বিএনপি এবং বিরোধী দল আওয়ামী লীগের মুখোমুখি অবস্থানের মধ্যে আকস্মিকভাবেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিজেই দায়িত্ব নেন ইয়াজউদ্দীন, যা বিস্মিত করেছিল সবাইকে।

একইসঙ্গে রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বপালনকারী হিসেবে দেশে ইয়াজউদ্দীনই এখন পর্যন্ত একমাত্র ব্যক্তি। পাশাপাশি ’৯০ এ বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতাও ছিল তার।

২০০৬ সালের ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নিয়ে ২০০৭ সালের ২২ জানুয়ারি নির্বাচনের তারিখ ঠিক করেন ইয়াজউদ্দীন।

আওয়ামী লীগ মনে করে, ইয়াজউদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত তার নিজের নয়।

কিন্তু বিরোধপূর্ণ রাজনীতিতে নির্বাচন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা, আর তত্ত্বাবধায়ক সরকারে ইয়াজউদ্দীন বেশ কয়েকজন সহকর্মীর আস্থা হারান।

চার উপদেষ্টা আকবর আলি খান, সুলতানা কামাল, হাসান মশহুদ চৌধুরী ও সি এম শফি সামী পদত্যাগ করলে জোড়াতালি দিয়ে সরকার ধরে রাখার চেষ্টা করেন ইয়াজউদ্দীন, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি।

সংঘাতমুখর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গড়ালে ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে ইয়াজউদ্দীনের হাত দিয়ে আসে জরুরি অবস্থার ঘোষণা।

প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি, সেই দায়িত্বে আসেন সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ, বাতিল হয়ে যায় নির্বাচন।

সেনাবাহিনীর সমর্থনে ফখরুদ্দীন নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হলে আবার আড়ালে চলে যান ইয়াজউদ্দীন। ফলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তৃত্বসহ ইয়াজউদ্দীন রাষ্ট্রপতির দায়িত্বে থাকলেও ওই সময়ের সরকার পরিচিতি পায়, ফখরুদ্দীন-মইন উ আহমেদ সরকার হিসেবে।

জরুরি অবস্থা এবং এরপর ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলে নতুন সরকারকে শপথ পড়ানোর দায়িত্বটি পালন করেছিলেন ইয়াজউদ্দীনই।

এরপর নিয়ম অনুযায়ী নতুন রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমান নির্বাচিত হলে ছয় বছর পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে বঙ্গভবন ছাড়েন ইয়াজউদ্দীন।

আদালতের আদেশে সংবিধান সংশোধনের কথা বললেও এক্ষেত্রে সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতাও বিরোধী দলকে প্রায় স্মরণ করিয়ে দেয় আওয়ামী লীগ, আর এক্ষেত্রে ইয়াজউদ্দীনকেই দায়ী করেন দলটির নেতারা।

ইয়াজউদ্দীনের মৃত্যুর পর আনুষ্ঠানিক শোক জানালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা ছিল যেমন সাদামাটা; তেমনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার শোকবার্তায়ও ছিল না তার রাজনৈতিক জীবন সম্পর্কে কোনো কথা, শিক্ষক হিসেবে তার অবদানই প্রাধান্য পায় বিএনপি চেয়ারপারসনের শোকবার্তায়।

১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগ দিয়ে ১৯৬৪ সালে সহযোগী অধ্যাপক ও ১৯৭৩ সালে অধ্যাপক হন ইয়াজউদ্দীন।

ফেডারেশন অফ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ইয়াজউদ্দীন সম্মিলিত শিক্ষক আন্দোলনের সমন্বয়কেরও দায়িত্বও পালন করেন।

ধান গাছের ওপর লবণাক্ততার প্রভাব এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উচ্চ ফলনশীল ধান নিয়ে গবেষণা করেন মৃত্তিকা বিজ্ঞানের এই অধ্যাপক।

উদ্ভিদের পুষ্টি উপাদান মাটিতে জমা রাখা এবং তা প্রয়োজন মত উদ্ভিদকে সরবরাহ করার পদ্ধতির ওপর সফল গবেষণা পরিচালনা করে বিদেশেও প্রশংসা কুড়ান ইয়াজউদ্দীন। দেশে-বিদেশে তার মোট প্রকাশনার সংখ্যা ১২৫টি।

শিক্ষায় একুশে পদকের পাশাপাশি গবেষণার জন্য ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদক, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদকও পান তিনি।

ঢাকার বানানীতে অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মুন্সীগঞ্জে ড. ইয়াজউদ্দীন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাও করেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে সমালোচনা বেশি হলেও ইয়াজউদ্দীনের ভাস্তে চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ মনে করেন, তার চাচা বেঁচে থাকবেন নিজের সৃষ্টিশীলতার মাঝে।

ইয়াজউদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগমও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তাদের এক মেয়ে এবং দুই ছেলে।

১৯৩১ সালের ১ ফ্রেবুয়ারি মুন্সীগঞ্জ জেলার নওয়াগাঁও গ্রামে জন্ম নেয়া ইয়াজউদ্দীন ১৯৪৮ সালে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাসের পর ১৯৫০ সালে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়থেকে ১৯৫০ ও ১৯৫২ সালে যথাক্রমে বিএসসি ও এমএসসি পাস করেন তিনি। ওই সময় বাহান্নর ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ ছিল তার।

পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ ও ১৯৬২ সালে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি নেন ইয়াজউদ্দীন।

তিনি ১৯৮৯ থেকে ১৯৯১ মেয়াদে পর পর দুই বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজেরও সদস্য ছিলেন তিনি।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টার দায়িত্ব পালনের পর ১৯৯১-৯৩ সালে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এবং ১৯৯৫-৯৯ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন ইয়াজউদ্দীন। ২০০২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগে স্টেট ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বে ছিলেন তিনি।

ইয়াজউদ্দীন আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞানী সমিতি, ভারতীয় মৃত্তিকা বিজ্ঞানী সমিতি, বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতি ও এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন।