২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন কর্পোরেশনের কাজে মন্ত্রীর অসন্তোষ

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দেশের পর্যটন খাতকে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 07:20 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (বিপিসি) কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

শুক্রবার সন্ধ্যায় অবকাশ হোটেলে পর্যটন কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, “যে যাই বলুক, আমি বলবো পর্যটন কর্পোরেশন ভালো করছে না। আমরা আমাদের দেশের পর্যটন খাতকে তুলে ধরতে ব্যর্থ হয়েছি।”

মন্ত্রী বলেন, “বর্তমানে বিপিসির মোট সম্পদের পরিমান প্রায় দশ হাজার কোটি টাকা। এ সম্পত্তি ব্যবহার করে গত এক বছরে লাভ করেছে মাত্র দুই কোটি টাকা। এ পরিমাণ টাকা যদি ব্যাংকে রাখা হতো তাহলে প্রতিবছর অন্তত এক হাজার কোটি টাকা মুনাফা পাওয়া যেতো।”

“আপনারাই বলেন, আপনারা লাভে আছেন নাকি লোকসানে আছেন?” বিপিসি কর্মকর্তা-কর্মচারীদের প্রশ্ন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে ব্যবহৃত কয়েকটি ঝাড়বাতির উপরে জমে থাকা ধূলো দেখিয়ে তিনি বলেন, “আপনাদের চোখে অপার সৌন্দর্য থাকা উচিত। কিন্তু এ অবস্থা দেখে মনে হচ্ছে তা আপনাদের মধ্যে অনুপস্থিত।”

সৃজনশীলতা ব্যবহার করে দেশের পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য বিপিসি কর্মকর্তা-কর্মচারীদের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত বিপিসির স্মরণিকার দিকে দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, “আপনাদের অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন, কিন্তু কতো জন তা বাস্তবে প্রয়োগ করেছেন?”

“আপনারা (বিপিসি কর্মকর্তারা) আর বাঙালি নাই, আপনারা সরকারি কর্মচারীতে পরিণত হয়েছেন। সরকারী কর্মচারী হয়েছেন বলেই কোনো সৌন্দর্যই আপনাদের চোখে পড়ে না”, ক্ষোভ প্রকাশ করেন পর্যটনমন্ত্রী।

দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পর্যটন মোটেলগুলোর রক্ষণাবেক্ষনের জন্য বিপিসির নিজস্ব অর্থ ব্যবহার করার পরামর্শ দেন তিনি।