২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা আসছেন সন্ধ্যার মধ্যেই

পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা শনিবার সন্ধ্যার মধ্যেই ঢাকা আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

পদ্মা সেতু নির্মাণে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণ করতে লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সদস্যরা শনিবার সন্ধ্যার মধ্যেই ঢাকা আসছেন। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের কর্মকর্তা (কমিউনিকেশন্স) মেহেরিন এ মাহবুব শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকের মধ্যেই তারা ঢাকা আসছেন।” ঢাকা পৌঁছার পর শনিবার কোনো কর্মসূচি নেই বিশ্ব ব্যাংকের এই পর্যবেক্ষক দলের। রোববার তারা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ৪ ডিসেম্বর পর্যন্ত তারা ঢাকায় থাকবেন। ঢাকায় অবস্থানকালে বিশ্ব ব্যাংকের এই প্যানেল দুদক ছাড়াও এই প্রকল্পে ঋণদাতা অন্য সংস্থাগুলোর সঙ্গেও বৈঠক করবেন। আর্ন্তজাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী ওকাম্পো নেতৃত্বাধীন এই দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান। এই প্যানেলের প্রতিবেদনের ওপরই ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলারের ঋণ দেয়ার বিষয়টি নির্ভর করছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে গত অক্টোবরে তারা একবার ঢাকা সফর করে গিয়েছিলেন। পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ১২০ কোটি ডলারের ডলারের ঋণচুক্তি বাতিল করেছিল বিশ্ব ব্যাংক। তবে সরকারের তৎপরতায় ‘শর্তসাপেক্ষে’ এ প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি। এরপরই তদন্ত পর্যবেক্ষণে প্যানেল গঠন করে তারা। ‘দুর্নীতির’ এই পর্যন্ত তদন্তে প্রকল্পে কাজ পাওয়ার জন্য ঘুষ লেনদেনের ‘ষড়যন্ত্রের’ তথ্য পাওয়া গেছে বলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন।