২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর চুক্তি সই

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে উভয় দেশের সরকারি পর্যায়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, যার ফলে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে আর কোনো বাধা থাকলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠাতে উভয় দেশের সরকারি পর্যায়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, যার ফলে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে আর কোনো বাধা থাকলো না।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শহীদুল আলম মজুমদার জানান, সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় মালয়েশিয়ার বাণিজ্যিক রাজধানী পুত্রাজায়ার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং মালয়েশিয়ায় মানবসম্পদ মন্ত্রী এম সুব্রামানিয়াম এতে সই করেন।

জনসংযোগ কর্মকর্তা জানান, এই সমঝোতা চুক্তির মাধ্যমে দেশটিতে দীর্ঘদিন পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়টি চুড়ান্ত হলো।

সমঝোতা চুক্তি ছাড়াও এ সময় দুই দেশের মধ্যে মানবপাচার প্রতিরোধ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন সংক্রান্ত আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং মালয়শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করেন।

উভয় দেশের মধ্যে মানবপাচার বন্ধ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ নিয়ন্ত্রণে মালয়েশিয়ার আগ্রহে এ দু’টি চুক্তি স্বাক্ষর করা হয়।

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে উভয় দেশের সম্মতিতে সোমবার বাংলাদেশি শ্রমিক পাঠানোর বিষয়ে এমওইউ স্বাক্ষরের দিন চূড়ান্ত করা হয়। এজন্য প্রবাসী ক্যলাণমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন শুক্রবার মালয়েশিয়া যান।

সোমবারই তিনি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাবেন। আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিনি অষ্ট্রেলিয়া সফর করবেন। ওই সফরে অষ্ট্রেলিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

প্রবাসী কল্যাণসচিব জাফর আহমেদ খান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার এবং পরিচালক নুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন।

বিএমইটির তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি মাসের মধ্যেই কর্মী নেয়া শুরু করবে দেশটি। মোট পাঁচ লাখ শ্রমিক নেবে তারা। প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার শ্রমিক পাঠানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি শ্রমিক পাঠানো হবে।

মালয়শিয়া যেতে ব্যয় হবে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ হাজার টাকা।

আট বছরের ভিসা চুক্তিতে মাসিক ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতনে তারা সেখানে যাবেন। বার্ষিক চুক্তি শেষ হওয়ার তিন মাস আগে চুক্তি নবায়নের সুযোগ দেয়া হবে। বিমান ভাড়া বহন করবে নিয়োগকারী কোম্পানি।

বাগান করা ও পরিচর্যা, নির্মাণ ও কৃষিকাজসহ পাঁচ ধরনের কাজের জন্য শ্রমিক নেবে মালয়েশিয়া। শ্রমিক পাঠানোর ক্ষেত্রে জেলাভিত্তিক কোটা অনুসরণ করা হবে। মহিলা ও পুরুষ কোটাও থাকবে।

সরকারি বিজ্ঞাপনের সময় অনুযায়ী নিবন্ধিত আগ্রহীদের বাছাই করে প্রশিক্ষণের ভিত্তিতে মালয়েশিয়ায় পাঠানো হবে। অনলাইনে বিনা খরচে নিবন্ধনের সুযোগ পাবেন সংশ্লিষ্টরা। তবে নিবন্ধনের জন্য আগ্রহীদের অবশ্যই যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) থাকতে হবে।