গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে প্রকাশ করা বিজ্ঞাপনের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে প্রকাশ করা বিজ্ঞাপনের কার্যকারিতা দুই মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
একটি রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সোমবার এই আদেশ দেয়।
একইসঙ্গে ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছে আদালত।
গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও সিলেকশন কমিটির চেয়ারম্যানকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের পরিচালক তাহসিনা খাতুন সকালে ওই রিট আবেদন দায়ের করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তাকে সহায়তা করেন, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
আদেশের পর ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের বলেন, আদালত রুল জারির পাশাপাশি ওই বিজ্ঞাপনের উপর দুই মাসের স্থগিতাদেশ দিয়েছে।
“আদালতের এই আদেশের ফলে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে। এতোদিন যারা কাজ করে আসছিলেন, তারাই কাজ করে যাবেন।”
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়া পর থেকে এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টাকে ‘শান্তি স্থাপন’ বিবেচনা করে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউনূস ও গ্রামীণ ব্যাংককে।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেওয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠার পর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে গত বছর সরকার ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এর দেড় বছরেরও বেশি সময় পর সরকার গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগের বিধান বদলে আইন সংশোধন করে। সংশোধিত আইনে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য বোর্ডের সঙ্গে আলোচনা করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি গঠনের ক্ষমতা দেয়া হয় বোর্ডের চেয়ারম্যানকে।
এরপর ২০ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ সামসুল বারীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিটি (সার্চ কমিটি) গঠন করেন ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক। গত ১৩ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত হয় এমডি নিয়োগের বিজ্ঞপ্তি।
রিটকারীর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বিজ্ঞাপনে গ্রামীণ ব্যাংকের নাম উল্লেখ না করে ‘একটি স্বনামধন্য ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের এমডি নিয়োগ’ বলা হয়েছে।
তিনি বলেন, “এখন পর্যন্ত সিলেকশন কমিটিই পূর্ণ হয়নি। সংশোধিত আইনেও সিলেকশন কমিটি করতে বোর্ডের সঙ্গে পরামর্শ করার বিধান দেয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যান কার্যকরিভাবে পরামর্শ করেন নাই। এছাড়া সিলেকশন কমিটির পঞ্চম সদস্য হিসাবে বোর্ডের একজন সদস্যকে রাখার কথা বলা হলেও তা আজ পর্যন্ত সুনির্দিষ্ট করা হয়নি।
রিটকারীর আইনজীবী বলেন, আইন অনুসারে সিলেকশন কমিটি এভাবে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারে না। বিজ্ঞপ্তি দিতে পারে কেবল গ্রামীণ ব্যাংক। কমিটি কেবল গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তির বিপরীতে পাওয়া আবেদন পর্যালোচনা করতে পারে।
“বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিক্রুটমেন্ট কনসালটেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কিন্তু আইনে রিক্রুটমেন্ট কনসালটেন্ট নিয়োগেরই বিধানই নাই। আর আইনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের।”
