২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপণ ছাড়াই মুক্ত হয় পরাগ: পুলিশ

আমীর গ্রেপ্তারেরর পর পুলিশের মতো পরাগের বাবাও বলছেন, তিনি মুক্তিপণ দেননি; যদিও র‌্যাব বলছে ভিন্ন কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

পরাগ মণ্ডলকে উদ্ধারের ক্ষেত্রে মুক্তিপণের বিষয়টি আবারো নাকচ করেছে পুলিশ।

অপহরণকাণ্ডের ‘হোতা’ মুক্তার হোসেন আমীরকে গ্রেপ্তারের পর শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলেছে, আসামিরা মুক্তিপণ নিয়েছিল, এমন কোনো প্রমাণ তারা পাননি।

তবে মুক্তিপণের দাবিতেই ব্যবসায়ীপুত্র পরাগকে অপহরণ করা হয়েছিল বলে স্বীকার করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম।

গত ১৩ নভেম্বর পরাগকে উদ্ধারের পর থেকে র‌্যাব বলে আসছে, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ওই স্কুলছাত্রকে ছাড়িয়ে আনা হয়।

তবে র‌্যাবের ওই বক্তব্যের পর পুলিশ তা প্রত্যাখ্যান করে। তবে এরপরও র‌্যাব একই বক্তব্য দিয়ে বলেছিল, আমীরকে গ্রেপ্তার করলেই মুক্তিপণের বিষয়টি প্রমাণিত হবে।

আমীরকে শনিবার ভোররাতে ‘বন্দুকযুদ্ধের’ পর গাজীপুরের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

গত ১১ নভেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যা থেকে পরাগকে অপহরণের তিন দিন পর আঁটিবাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমীরের স্বজনদের আটক করে চাপ দিয়েই পরাগকে উদ্ধার করা হয়েছিল।

মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরাগের বাবা বিমল মণ্ডলও ছিলেন।

মুক্তিপণের জন্য ৫০ লাখ টাকা দিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “অত টাকা দেয়ার সামর্থ্য আমার নেই।”

পরাগের ঘটনার পর কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে তার কোনো শঙ্কা নেই।”

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, “মুক্তিপণের জন্যই অপহরণ করা হয়েছিল। তবে অপহরণের পর মুক্তিপণের আগেই আসামিদের মধ্যে অনেকে গ্রেপ্তার হওয়ার মুক্তিপণের আশা ছেড়ে দিয়ে পরাগকে ছেড়ে দেয়া হয়।”

পরাগ অপহরণে জড়িত অভিযোগে আমীরসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা হলেন- শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমিনুল হক ওরফে মোল্লা জুয়েল, আমীরের মোটর সাইকেল চালক আল আমিন, আমীরের ভগ্নিপতি আবুল কাশেম, আমীরের আত্মীয় মামুন, অটোরিকশাচালক কালাচান, স্থানীয় তরুণ জাহিদুল হাসান, মো. আলী ওরফে রিফাত, মো. আলফাজ ও রিজভী আহমেদ অনিক।

আল আমিন শনিবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “অপহরণের পর আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করে পরাগের স্বজনদের কাছে টাকা চাইতে বলতেন আমীর।”

গ্রেপ্তার আলী এর আগে সাংবাদিকদের বলেন, আমীর তাকে বলেছিলেন, ‘৫০ লাখ টাকা না পেলে শিশুটিকে ছাড়বে না’।

পরাগকে উদ্ধারের পর ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণকারীরা ছেড়ে দিলে তারা শিশুটিকে রাস্তার ধার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

তখন র‌্যাবের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়ানো হয়। পরাগকে জীবিত উদ্ধারের ওপর জোর দেয়ার কারণে মুক্তিপণের বিষয়টি প্রাধান্য পায়।

র‌্যাবের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম এইচ নুরুজ্জামান ১৪ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিপণ দিয়ে পরাগকে উদ্ধারের বিষয়টি পুরোপুরি মিথ্যা। এর বিন্দুমাত্র সত্যতা নেই।”

সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও বলেন, “এতে (পরাগ উদ্ধার) কোনো লেনদেন হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই।”

তবে র‌্যাবের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের দিনই (রোববার বিকালে) ২ কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন করেছিল পরাগের অপহরণকারীরা, এরপর এক কোটি টাকায় নামে, শেষে ৫০ লাখ টাকায় রফা হয়।”

১৫ নভেম্বর র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, টাকা লেনদেনের বিষয়ে তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

“আমীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করা হলেই টাকা লেনদেনের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে,” সেদিন বলেছিলেন র‌্যাব মুখপাত্র এম সোহায়েল।