২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঞ্চনার দুঃখ-ক্ষোভ হাওর সম্মেলনে

উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনার পাশাপাশি দায়িত্বশীলদের সহমর্মিতা না পাওয়ার বেদনাবোধের প্রকাশ ঘটেছে জাতীয় হাওর সম্মেলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনার পাশাপাশি দায়িত্বশীলদের সহমর্মিতা না পাওয়ার বেদনাবোধের প্রকাশ ঘটেছে জাতীয় হাওর সম্মেলনে।

দেশে দ্বিতীয়বারের মতো এই আয়োজনে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের কথায়ও প্রকাশ ঘটল হতাশার। ক্ষোভ ঝরল সংসদ সদস্য রেবেকা মমিনের কণ্ঠে।

ক্ষোভ আর হতাশার কথা শুনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বীকার করলেন, হাওরাঞ্চলের মানুষের জন্য কিছু করতে হবে।

ফার্মগেইটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে শনিবার হয় দ্বিতীয় হাওর সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলে স্পিকার আবদুল হামিদ, যিনি নিজেই কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বাসিন্দা।

আবদুল হামিদ বলেন, হাওর অঞ্চলের মানুষ স্বাধীন দেশের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

“একটি স্বাধীন দেশের মানুষ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, তাও অনেক সময় পায় না হাওরবাসী। এখানকার মানুষ আল্লাহর ইচ্ছায় বেঁচে থাকে।”

“আমার হাওর অঞ্চলে (তার নিজের বাড়িতে) মানুষ মরলে ভাসিয়ে দেয়া লাগে।”

অর্থনৈতিক উন্নয়নের সুযোগ-সুবিধা না পাওয়া হাওরবাসী এখনো দাদন ব্যবসায়ীদের কাছে জিম্মি বলে জানান স্পিকার।

সংসদ সদস্য রেবেকা মমিন বলেন, “হাওর অঞ্চলে যেতে মন্ত্রীরা ভয় পান, সবাই বলেন- ‘এটা দুর্গম এলাকা, এখানে গেলে কেউ ফিরে আসে না’।”

“সবাই সুনামগঞ্জে যায়, খালিয়াঝুরিতে কেউ যায় না।”

হাওর অঞ্চলে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ পেতেও ঝক্কি-ঝামেলার কথা তুলে ধরে রেবেকা মমিন বলেন, “প্রধানমন্ত্রী আমাকে টাকা দিয়েছিলেন, সে টাকা আমি দুই বছরেও পাইনি।”

হাওর অঞ্চলে শিক্ষা ও চিকিৎসার অভাব এবং শ্রমিকদের ন্যায্য মজুরি না পাওয়ার কথা শোনান সংসদ সদস্য মতিউর রহমান।

সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি অর্থমন্ত্রী সবার অভিযোগ-অনুযোগ শুনে বলেন, “হাওরে জীবন-যাপন করার সুযোগ আমাদের করে দিতে হবে।”

“হাওরে সরকারি লোকের থাকার ব্যবস্থা নেই, টাকা দিলেও লোক পাওয়া যাবে না,” যোগ করেন তিনি।