২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান খুন: অভিযোগপত্র না দেয়ায় ক্ষোভ

চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদ চেয়াম্যান হত্যার ১০ মাসেও অভিযোগপত্র না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদ চেয়াম্যান হত্যার ১০ মাসেও অভিযোগপত্র না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহত নুরুল আবছারের বাবা আহাম্মদ হোসেন। ২০১১ সালের ২৫ ডিসেম্বর সস্ত্রাসীদের গুলিতে খুন হন তৎকালীন নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুরুল আবছার। তিনি উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের শিক্ষক ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আহাম্মদ হোসেন বলেন, ছেলে হত্যাকারীদের মুখোশ উম্মোচিত হলেও এ হত্যাকা-ের ১০ মাসেও মামালার অভিযোগপত্র প্রদান করা হয়নি। অবিলম্বে মামলার অভিযোগপত্র দিয়ে জামিনে থাকা আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি। তিনি বলেন, আইনের ফাঁক দিয়ে অর্থ ব্যয় করে আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে আমাদেরকে হুমকি দিচ্ছে। স্বাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছে। মামালা তুলে নেওয়া না হলে পরিবারের অন্যান্য সদস্যদেরকে আসামিরা আবছারের মতো পরিণতি করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন আহাম্মদ হোসেন। আবছারের বাবা বলেন, আবছার খুনের পর উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফসহ চারজনের নাম উল্লেখ করে আরো ২০/২৫ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়েছে। “আসামিরা কালো টাকা ছড়িয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রভাবিত করছে। প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে।” আওয়ামী লীগের নাম ব্যবহার করে ছেলে হত্যাকারীরা যেন পার না পায় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান নিহতের বাবা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী ও নলুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তসলিমা আবছার, ভাই নুরুল আকতার ও মো. মহিউদ্দিন এবং দুই শিশু সন্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৪৬ ঘ.