নাটোর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়ায় বেড়াতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার রাতে সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই কিশোরীর প্রেমিকসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- প্রেমিক সাব্বির হোসেন (১৮) এবং তার বন্ধু রেজোয়ানুল ওরফে রাব্বী, নাজমুল হক, রাজিবুল হাসান, মনিরুল, আতাউল, খায়রুল ও রেজাউল করিম।
সিংড়া থানার ওসি এ এস এম ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের সাব্বিরের সঙ্গে একই গ্রামের ওই কিশোরী শুক্রবার বিকেলে কলম মির্জাপুর এলাকার একটি বাগানে বেড়াতে যায়।
এ সময় সাব্বিরকে বেঁধে রেখে তার বন্ধুরা ওই কিশোরীকে কলম মির্জাপুর মাঠে নিয়ে গিয়ে গভীর রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।
রাত ১টার দিকে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে এবং দুর্বৃত্তদের আটক করে সিংড়া থানায় দেয়।
এ ঘটনায় কিশোরীর বাবা ১১ জনকে আসামি করে সিংড়া থানায় অপহরণ ও গণধর্ষণের মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯২৪ ঘ.
bdnews24