ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগের মুখে থাকা হল-মার্ক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার সকালে এই কারখানার কয়েকশ শ্রমিক কর্মসূচি পালন করে। জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনও তাদের দাবির সঙ্গে একাত্মতা জানান।
জুলেখা আক্তার নামে হল-মার্কের এক পোশাক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত মাস ধরে ৩ হাজার ৮০০ টাকা বেতনে চাকরি করে আসছেন তিনি।
“সেপ্টেম্বর মাসের বেতন ও ওভারটাইমের টাকা পাইনি। বর্তমান মাসের টাকা ও ঈদ বোনাস পাব কি না, তাও জানি না,” বলেন এই নারী শ্রমিক।
সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি আত্মাসাতের অভিযোগে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ বর্তমানে কারাগারে রয়েছেন।
জেসমিন ও তানভীরসহ পোশাক রপ্তানিকারক ওই প্রতিষ্ঠানের সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
হল-মার্ক গ্রুপের অনিয়মের পর এর কারখানার শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়েন। তারা এর আগে কারখানাস্থল সাভারে বিক্ষোভও করেন।
জুলেখা বলেন, সাভারের উলাইল এলাকায় দুই হাজার টাকায় আরো কয়েকজন সহকর্মীর সঙ্গে কক্ষ বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি।
“গত মাসের ভাড়া দিতে না পারায় এবং হল-মার্ক গার্মেন্ট বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় বাড়ির মালিক ঘর ছেড়ে দিতে চাপ দিচ্ছে।”
জুলেখার মতো একই সমস্যার কথা বলেছেন বলেছেন স্বপ্না, নার্গিসসহ অনেক নারী শ্রমিক।
তারা বকেয়া বেতন ও বোনাসের টাকায় পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১২৩৬ ঘ.
bdnews24