২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিল পুলিশ

গাজীপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেও ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

গাজীপুর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেও ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকা থেকে আনোয়ার হোসেন (৩৬), আনোয়ার হোসেন টিটু (৩৫) ও আব্দুল মান্নান (২৭) নামে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা বড়িসহ আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গোয়েন্দা পুলিশের ওই সদস্যদের সঙ্গে পিস্তল ও হাতকড়া ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই সদস্যরা ভোগড়া মধ্যপাড়া বাজার এলাকায় গেলে আনোয়ার তাদের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে। পরে তারা ধাওয়া করলে কিছুদূর গিয়ে আনোয়ার হোসেন পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় আনোয়ারকে ধরে পিস্তল দেখিয়ে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে ওঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যে পাশে নিজ বাড়ি থেকে বিপুল সংখ্যক ইয়াবা বড়িসহ আনোয়ার হোসেন টিটু ও আব্দুল মান্নানকে আটক করে হাতকড়া পরিয়ে তাদেরও একই মাইক্রোবাসে তুলে নিয়ে তারা চলে যান। অবশ্য পরে খোঁজ নিয়ে জানা যায়, এই নামের কাউকেই আটক করেনি পুলিশ। এ বিষয়ে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল খায়ের বলেন, “ওই সব নামের কোন লোক আটক করা হয়নি। তবে পাশের এলাকা থেকে সাগর নামের এক যুবককে ৩শ’ ইয়াবাসসহ আটক করা হয়েছে।” বাসন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুস সালাম জানান, আনোয়ার হোসেন ও টিটু চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় তারা গ্রেপ্তার বা আটক হলেও রহস্যজনক কারণে তারা ছাড়া পেয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯১৯ ঘ.