চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর থেকে ধারালো অস্ত্রসহ ১১ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার প্রথম প্রহরে কোস্টগার্ড পূর্ব জোনের রূপসী বাংলা ও এন্টি-পাইরেসি সেলের যৌথ টহল জাহাজের পরিচালিত অভিযানে তারা আটক হয়।
তাদের বিরুদ্ধে কর্ণফুলী ও পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে কোস্টগার্ড পূর্বাঞ্চল কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃতরা হলো- নুরুল আফসার, আহম্মদ নুর, দিদারুল ইসলাম, শাহনেওয়াজ, বেলাল হোসেন, জুবায়ের হোসেন, মাইন, ছোহরাব, বিলাল মাঝি, নাসির হাওলাদার ও আব্দুল জলিল।
তারা কুতুবদিয়া, আনোয়ারা, হাতিয়া, পতেঙ্গা, খুলনা ও ভোলার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে অরো বলা হয়, শুক্রবার রাতে টহলের এক পর্যায়ে সন্দেহভাজন কিছু বোট অ্যাংকরেজ ‘এ’ ও ‘বি’ এলাকায় প্রবেশ করে। এ সময় অভিযান দল তাদের ধাওয়া করে ধারালো অস্ত্রসহ ১১ জনকে আটক করে।
আটক হওয়া বোট তিনটি থেকে তিনটি ধারালো ছুরি, দুটি দা, দুটি করাত, একটি শাবল, পাঁচটি জাল, তিনটি গ্রাফনেল ও ৩০০ কেজি মাছ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এইচএএইচ/এইচএ/১৭১৬ ঘ.
bdnews24