২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের জেসমিন পাঁচ দিনের রিমান্ডে

ঋণ জালিয়াতির মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ জালিয়াতির মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশেনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান শুক্রবার জেসমিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন। অন্যদিকে আসামির পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ হয়ে যায়। এই মামলায় জেসমিনসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। মোট ২০৮ কোটি ৮ লাখ ৭৩ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যা ব। এরপর শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে ৪টা পর্যন্ত তাকে দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। বিকালে জেসমিনকে আদালতে হাজির করা হলে দুদকের সাত মামলায় জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। অন্যদিকে আনোয়ারা স্পিনিং মিলের নামে ঋণ জালিয়াতির মামলায় তাকে রিমান্ডে চান দুদকের তদন্ত কর্মকর্তা। আসামির আইনজীবী কাজী নজিবুল্লা হিরু আদালতে রিমান্ডের বিরোধিতা করে বলেন, জেসমিনের এক সন্তানের সামনে এসএসসি পরীক্ষা এ কারণে তার সন্তানের কাছে থাকা প্রয়োজন। তাছাড়া দুদক আইনে রিমান্ডে দেয়ার সুযোগ নেই। আর নারী হিসাবে জেসমিন জামিন পেতেই পারেন। অন্যদিকে তদন্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভুয়া এলসি দেখিয়ে সোনালী ব্যাংক থেকে নেয়া ৪৭৪ কোটি টাকা ঋণের মধ্যে পাচার করা ২০৮ কোটি টাকার হদিস জানতে হল-মার্ক চেয়ারম্যানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানি শেষে দুদকের তদন্ত দলের প্রধান দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বলেন, “জেসমিন ইসলাম হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান। কাজেই সরিয়ে ফেলা অর্থ কোথায় রাখা হয়েছে সেই তথ্য তিনি জানবেন। জিজ্ঞাসাবাদে তা আমরা জানতে পারব বলে আশা করছি।” সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে হল-মার্ক এমডি তানভীর মাহমুদ এবং তার ভায়রা ও প্রতিষ্ঠানের জিএম তুষার আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। বৃহস্পতিবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর খাস কামরায় দেয়া জবানবন্দিতে তানভীর অপরাধ স্বীকার করেন বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ মামলায় গ্রেপ্তার করা হয় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএ আজিজুর রহমানকেও, যিনি হল-মার্ককে ঋণ দেয়ার সময় ওই শাখার দায়িত্বে ছিলেন। কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর তানভীর, জেসমিনসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে। আসামিদের মধ্যে সাত জন হল-মার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিবি/এইচএএইচ/জেকে/১৬৪৫ ঘ.