২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেসমিনকে ৭ দিনের রিমান্ডে চায় দুদক

ঋণ জালিয়াতির মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসবাদের জন্য সাত দিনের হেফাজতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ জালিয়াতির মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসবাদের জন্য সাত দিনের হেফাজতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার বিকেলে মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে সাতদিনের রিমান্ডের এই আবেদন করেন দুদকের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা এ এন এম আক্তার হামিদ ভূঁইয়া। এই মামলায় জেসমিনসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। মোট ২০৮ কোটি ৮ লাখ ৭৩ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১২ টা থেকে ৪টা পর্যন্ত জেসমিনকে দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যা ব। র্যা ব মুখপাত্র এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুকুল নামে হল-মার্কের এক কর্মচারীর বাড়িতে লুকিয়ে ছিলেন জেসমিন ইসলাম। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে হল-মার্ক এমডি তানভীর মাহমুদ এবং তার ভায়রা ও প্রতিষ্ঠানের জিএম তুষার আহমেদকে গ্রেপ্তার করে র‌্যাব। বৃহস্পতিবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর খাস কামরায় দেয়া জবানবন্দিতে তানভীর অপরাধ স্বীকার করেন বলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ মামলায় গ্রেপ্তার করা হয় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএ আজিজুর রহমানকেও, যিনি হল-মার্ককে ঋণ দেয়ার সময় ওই শাখার দায়িত্বে ছিলেন। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তানভীর ও আজিজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর তানভীর, জেসমিনসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে। আসামিদের মধ্যে সাত জন হল-মার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। হল-মার্কের এই অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা ওঠে। এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। মামলা দায়েরের আগে তানভীর ও জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় এরই মধ্যে দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিবি/এইচএএইচ/জেকে/১৬৩২ ঘ.