২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদকর্মীদের জন্য ৫০% মহার্ঘভাতা

সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করার আগে মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘভাতা ঘোষণা করেছে সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদপত্র ও সংবাদ সংস্থার সাংবাদিক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করার আগে মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘভাতা ঘোষণা করেছে সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, সংবাদপত্র, সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মচারীরা সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড ঘোষিত প্রতি মাসের মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘভাতা পাবেন। এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে ১ জুলাই থেকে। বোর্ড পরে নতুন যে বেতন কাঠামো ঘোষণা করবে, তার সঙ্গে এই বেতন পরে সমন্বয় করে নেয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়। প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হককে প্রধান করে গত ১৮ জুন অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডকে ছয় মাসের মধ্যে নতুন মজুরি কাঠামো সুপারিশ করতে বলা হলেও চার মাসের মাথায় মহার্ঘভাতার এই ঘোষণা এলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৪১৫ ঘ.