চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ভবনের জেনারেটরে আগুন লাগার এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ব্রিগেড।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে কর্পোরেশন ভবনের নিচতলায় জেনারেটরে আগুন লাগে। এতে কেউ হতাহত হয়নি।
তবে আতঙ্কে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের নিচে নেমে আসেন।
ফায়ার ব্রিগেডের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেনারেটরের যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেনারেটর ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আগুনে জেনারেটরের বেশিরভাগই পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/আরএ/১৪১১ ঘ.
bdnews24