ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য খাতে ব্যয় বাড়াতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করে।
স্বাস্থ্যখাতে সামগ্রিক উন্নয়নের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
তিন সপ্তাহের মধ্যে অর্থ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসারে দেশের স্বাস্থ্যখাতে মাথাপিছু ৪৪ ডলার খরচে আদালতের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত গত রোববার রিট আবেদনটি দায়ের করেন।
বর্তমানে দেশে স্বাস্থ্যখাতে মাথাপিছু সরকারি ব্যয় ২১ ডলার হয়ে থাকে বলে রিট আবেদনে উল্লেখ করা হয়।
আদালতে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24