নাটোর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে চামারী ইউনিয়নের গুনাইখাড়া গ্রামে এ হামলায় নিহত হন সামছুল হক (৪২)। তিনি ওই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে সিংড়া থানার ওসি এএইচএম ফয়জুর রহমান বলেন, বসতভিটা নিয়ে সামছুল হকের সঙ্গে প্রতিবেশী ভুলু মীরের বিরোধ চলছিল।
শনিবার রাতে সামছুল হক স্থানীয় গুনাইখাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ভুলু মীর ও তার ছেলে সেন্টু মীর সামছুল হককে পিটিয়ে আহত করে।
ওই রাতেই সামছুলকে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঠানো হয় নাটোর সদর হাসপাতালে।
সেখান থেকে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় ওসি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় সামছুলের স্ত্রী অজুফা বেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24