গাইবান্ধা, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষ এক সহকারী অধ্যাপিকাকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে গাইবান্ধা আদর্শ কলেজের শিক্ষকরা লাগাতার ক্লাস বর্জন শুরু করেছেন।
শনিবার শুরু হওয়া এ কর্মসূচি অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে শিক্ষকরা জানিয়েছেন।
লাঞ্ছিত অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপিকা শরীফা আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার কলেজের শিক্ষকরা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চলমান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় পৌর শহীদ মিনারে যান। এ সময় শরীফা কলেজে ছিলেন।
কলেজে একা থাকার সুযোগে অধ্যক্ষ মোজাহিদ হোসেন তাকে গালাগাল দেন এবং এক পর্যায়ে জুতা খুলে তাকে মারার জন্য এগিয়ে যান।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করেন।
শরীফা জানান, দীর্ঘদিন থেকে সাধারণ শিক্ষকরা এই অধ্যক্ষের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে আন্দোলন করছেন।
এর জেরে তিনি এ অশ্লীল আচরণ করেন বলে শরীফা জানান।
এ ব্যাপারে কলেজের প্রভাষক গৌতম আশীষ গুহ ও সরকার শহীদুজ্জামান বলেন, আগেও কলেজের তিন জন শিক্ষককে লাঞ্ছিত করেছেন অধ্যক্ষ। এবার শিক্ষিকাকে করলেন।
অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত তারা ক্লাস বর্জন অব্যাহত রাখবেন বলে জানান।
অধ্যক্ষ মোজাহিদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিক্ষিকাই তাকে গালাগাল দেন এবং পায়ের স্যান্ডেল দিয়ে মারার হুমকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/ডিডি/১৭১৫ ঘ.
bdnews24