চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরবানীর ঈদ সামনে রেখে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় চলাচলকারী ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শনিবার থেকে শুরু হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ অক্টোবরের টিকেট বিক্রির মাধ্যমে পাঁচ দিনব্যাপী অগ্রিম টিকিট বিক্রি হবে।
রেলওয়ে মহা ব্যবস্থাপনা (পূর্বাঞ্চল) তাফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ অক্টোবরের নির্ধারিত অগ্রিম টিকেট যথাক্রমে রোববার, সোমবার, মঙ্গলবার ও বুধবার বিক্রি হবে।
সকাল ৭টায় টিকেট বিক্রি শুরু হওয়ায় যাত্রীদের টিকেট পেতে লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। এছাড়া অন্য বছরের তুলনায় অগ্রিম টিকেট প্রত্যাশী যাত্রীদের সংখ্যাও কম ছিল।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সুকুমার ভৌমিক বিডিনিউজ টোয়েয়িন্টিফোর ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ হাজার যাত্রী চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ পাবে।
টিকেট পেতে যাত্রীদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে না দাবি করে তিনি বলেন, এবার সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে টিকেট বিক্রি শুরু হওয়ায় যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়নি।
ঈদে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী বিশেষ দুটি ট্রেন চলবে জানিয়ে সুকুমার ভৌমিক বলেন, ট্রেন দুটি ২৪, ২৫ ও ২৬ অক্টোবর প্রতিদিন সকাল ১০ ও বেলা দেড়টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাবে।
তিনি জানান, এবার প্রায় ৭০টি অতিরিক্ত কোচ বিভিন্ন ট্রেনের সঙ্গে সংযোগ করা হচ্ছে। এর ফলে গত ঈদের চেয়ে দুই হাজার বেশি যাত্রী ট্রেনে যাতায়াত করতে পারবে।
যাত্রীদের নিরাপত্তায় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী, পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প কাজ করবে।
ঈদে চট্টগ্রাম রেলস্টেশন থেকে নিয়মিত চলাচলকারী প্রতিদিন ৮টি আন্ত:নগর, পাঁচটি মেইল, পাঁচটি লোকাল এবং তিন দিন দুইটি বিশেষ ট্রেনসহ ২০টি ট্রেন দেশের বিভিন্ন জেলায় চলাচল করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪২৬ ঘ.
bdnews24