ঢাকা, সেপ্টম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় আগামী ডিসেম্বরে কিছু চাল রপ্তানির সম্ভাবনার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শুক্রবার বিকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এ কথা জানান।
বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল-আই’ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর কার্যালয়ে ‘খাদ্য নিরাপত্তা ও গণমাধ্যম: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আগামী ডিসেম্বরে হয়তো আমাদের কিছু চাল রপ্তানি করতে হতে পারে। রাখার জায়গা নাই।”
চাষীরা ন্যায্য দাম পাচ্ছে না- সেমিনারে বক্তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুর রাজ্জাক বলেন, “আপনার বার বার বলছেন যে চাষীরা দাম পাচ্ছে না। কিন্তু এই ৩০ লাখ টন উৎপাদন, তার মধ্যে আমি কিনি ৮ থেকে ১০ লাখ টন। এত বড় বাজারে আমি ৮/১০ লাখ টন চাল কিনে কি কাভার করবো।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সারাদেশের সরকারি গুদামগুলোর মোট ধারণক্ষমতা ১৭/১৮ লাখ টন। এসব গুদামে চাল ও গম দুটি শস্যই রাখতে হয়।
“এই দুটি খাবার রেখে আমাদের গুদামের যে ধারণ ক্ষমতা এটি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে খুবই কঠিন।”
তবে সমস্যা সমাধানে দেশে খাদ্যগুদামের সংখ্যা বাড়ানোর জন্য বিশ্বব্যাংকের একটি প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে নির্মিত নতুন গুদামগুলো প্রায় ৯/১০ লাখ টন বাড়তি শস্য ধারণ করতে পারবে।
এর আগে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে কৃষিবিদ ড. মো. শহীদুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তার প্রশ্নে আমরা অনেকটা স্বস্তিকর অবস্থায় থাকলেও পারিবারিক পর্যায়ে তা মোটেও সন্তোষজনক নয়। কারণ, পারিবারিক পর্যায়ে সার্বিকভাবে খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের অভাব।
বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, পুষ্টির ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে।
সেমিনারে অংশ নেয়া টাঙ্গাইলের কৃষক ছানোয়ার হোসেন বলেন, “আমরা ভর্তুকি চাই না, বিদ্যুৎ দেন। আমাদেরকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার না বানিয়ে উন্নয়নের হাতিয়ার করুন।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, যে টাকা দিয়ে সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আনা হয়েছে ওই ট্যাক্সের টাকা দিয়ে প্রতিটি থানার জন্য ৮০০ শ্যালো মেশিন কেনা যেত।
ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিটিভিতে প্রচারিত ‘মাটি ও মানুষ’ এর উপস্থাপক রেজাউল করিম সিদ্দিকী, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর সাবেক মহাপরিচালক ড. এম এ হামিদ মিয়া, কৃষি প্রকৌশলী ড. নিয়াজ পাশা, কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কৃষি বিষয়ক সাংবাদিকবৃন্দ।
বক্তারা বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে সঙ্গে পোল্ট্রি, ফিশারিজ এবং লাইভস্টক খাতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করারও সুপারিশ করেন।
একই সঙ্গে কৃষি উন্নয়নে এই খাতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠান ও কৃষকের মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপনে গণমাধ্যমকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২২৫০ ঘ.
bdnews24