২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ৬০ হাজার পরিবার পানিবন্দি

গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ছয় উপজেলার ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ছয় উপজেলার ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার রাত থেকে ব্রহ্মপুত্র নদীতে তিস্তামুখ ঘাট হয়ে চলাচলকারী মালবাহী ওয়াগন ফেরি বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সাদুল্লাপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৮৩ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি ২৬ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি শূন্য দশমিক ৯ সেন্টিমিটার এবং করতোয়ার পানি শূন্য দশমিক ১৪ সেন্টিমিটার কমেছে, বলেন তিনি। তিনি জানান, তৃতীয় দফা বন্যায় সদর, সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি লোকজনের অধিকাংশই চরাঞ্চল থেকে তাদের গবাদি পশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সাদুল্লাপুরের কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গনি তারা মিয়া জানান, তার ইউনিয়নের পুরানলক্ষ্মীপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মারুফ মিয়া (৩) শুক্রবার বন্যার পানিতে ডুবে মারা গেছে। তিস্তামুখ ঘাটের মেরিন সুপারিনটেনডেন্ট মোস্তফা জাকির বলেন, ডুবে যাওয়া রেলনাইনের নিচের মাটি পানির স্রোতে সরে যাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে এ রুটে মালবাহী ওয়াগন ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বন্যায় ছয় উপজেলার ১২ হাজার ৮৫০ হেক্টর রোপা আমন এবং ১২০ হেক্টর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, বন্যা কবলিত মানুষের মধ্যে জেলা প্রশাসন থেকে ১০০ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.