ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর হজ ফ্লাইট শুরুর পর প্রথম দশদিনে মোট ২৯ হাজার ৫৭৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছে হজ টাস্কফোর্স সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার সমন্বয় কমিটির আহবায়ক জয়নাল আবেদীন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ফ্লাইট শুরুর প্রথম দশ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ৪৭ টি ফ্লাইটে পরিবহন করেছে ১৮ হাজার ৮৩৭ জন হজযাত্রী।
অন্যদিকে, সৌদি এয়ারলাইন্স ১৮টি ফ্লাইটে ছয় হাজার ৬২৯ জন এবং নাস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইটে ৪ হাজার ১০৯জন হজযাত্রী পরিবহন করে।
গত ১৭ সেপ্টেম্বর ভোর পাঁচটায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাত্রা শুরু করে বিমানের বোয়িং-৭৭৭ উড়োজাহাজ।
একই দিন সকাল সাড়ে ৯টায় হজযাত্রীদের নিয়ে যাত্রা করে সৌদি আরবের ন্যাশনাল এয়ার সার্ভিসের (নাস এয়ার) আরেকটি ফ্লাইট।
হজযাত্রী বহনকারী অন্য সংস্থা সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন শুরু করে ২১ সেপ্টেম্বর বেলা ১টা থেকে।
মন্ত্রণালয় ঘোষিত ফ্লাইটসূচি অনুসারে ২০ অক্টোবর পর্যন্ত হজযাত্রী পরিবহনের কথা রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের। বিমান ফিরতি ফ্লাইট শুরু করবে ১ নভেম্বর থেকে, শেষ হবে আগামী ২৯ নভেম্বর।
নাস এয়ারের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ অক্টোবর, শেষ হবে ২৮ নভেম্বর। সৌদি এয়ারলাইন্স হজ পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু করবে ৩০ অক্টোবর এবং শেষ হবে ৩০ নভেম্বর।
দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত হজযাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি অনুসারে এ বছর কোনো তৃতীয় বিমান সংস্থা বা থার্ড ক্যারিয়ারকে হজযাত্রী পরিবহনের দায়িত্ব দেয়া হয়নি।
থার্ড ক্যারিয়ার না থাকায় হজযাত্রী পরিবহনে বিশৃঙ্খলা হতে পারে, এ দাবি করে আসছে হজ এজেন্সিগুলো।
এ বছর মোট ১ লাখ ১২ হাজার ৫৬৮ জন হজে যাওয়ার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ২ হাজার ৯৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ৯ হাজার ৬০৩ জন। এর মধ্যে বিমান পরিবহন করছে ৫৬ হাজার ২৮৪ জন হজযাত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএ/২৩১৯ ঘ.
bdnews24