২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারো জন্মদিনে প্রবাসে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ৬৬ বছরে পা দিচ্ছেন। গত বছরগুলোর মতো এবারো জন্মদিনে দেশের বাইরে থাকছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ৬৬ বছরে পা দিচ্ছেন। গত বছরগুলোর মতো এবারো জন্মদিনে দেশের বাইরে থাকছেন তিনি। নিউ ইয়র্কে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করবেন শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গেছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। এবার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। এর আগে এক মেয়াদে প্রধানমন্ত্রী এবং তিন বার সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়সহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা, আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী কোরানখানি, বাদ আছর মিলাদ, দোয়া মাহফিল এবং সকাল ১০টায় ঢাকেশ্বরী মন্দিরে, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আওয়ামী লীগ বিভিন্ন এতিমখানাসহ দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবে। জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা করবে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে মিষ্টি বিতরণ কর্মসূচি নিয়েছে এই ছাত্র সংগঠনটি। ষাটের দশকে ইডেন কলেজে ছাত্রলীগের কর্মী হিসাবে রাজনীতিতে পা দেন শেখ হাসিনা। ১৯৬৬-৬৭ সালে ছাত্রলীগ থেকে ইডেন কলেজের ছাত্রী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালে ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন। ১৯৬৮ সালে বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। তিনি এক ছেলে (সজীব আহমেদ ওয়াজেদ) ও এক মেয়ের (সায়মা ওয়াজেদ) জননী। ১৯৭৫ সালে অগাস্ট ট্রাজেডিতে পরিবারের সবাইকে হারিয়ে বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর দলের হাল ধরেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ২১ বছর পর রাষ্ট্রক্ষমতায় আসে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিশাল বিজয় নিয়ে পুনর্বার সরকার গঠন করেন বঙ্গবন্ধুকন্যা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩০১ ঘ.