২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্ট থেকে জামিন পেলেন ১২ দলের ২০ জন

চলচ্চিত্রে ইসলাম অবমাননার অভিযোগে ১২টি ইসলামী দলের ডাকা হরতালের পাঁচ মামলায় আগাম জামিন নিয়েছেন ২০ নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রে ইসলাম অবমাননার অভিযোগে ১২টি ইসলামী দলের ডাকা হরতালের পাঁচ মামলায় আগাম জামিন নিয়েছেন ২০ নেতা-কর্মী। বুধবার তারা বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে। এর মধ্যে মাওলানা যাইনুল আবেদীন, ড. খলিলুর রহমান মাদানী, আহমেদ উল্লাহ, মো. জাহাঙ্গীর, শামীম বিন সাঈদী জামিন পেয়েছেন যাত্রাবাড়ী থানার একটি মামলায়। গত ২৩ সেপ্টেম্বর হরতালের দিন গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে এই মামলা করে পুলিশ। জামায়াত নেতা সাঈদীর ছেলে শামীম বিন সাঈদী শাহবাগ থানার দায়ের হওয়া অন্য দুই মামলাতেও জামিন পেয়েছেন। অন্যদিকে ১২ দলের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান শাহবাগ ও মিরপুর থানার দায়ের হওয়া মোট চার মামলায় জামিন পেয়েছেন। এছাড়া মিরপুর মডেল থানায় দায়ের দুই মামলায় জামিন পেয়েছেন মোট ১৫ জন। জাফরুল্লাহ ছাড়া বাকি ১৪ আসামি হলেন- মাওলানা মুহীউদ্দিন খান, খন্দকার গোলাম মর্তুজা, অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট মো. আবুল মোমিন, শেখ আনোয়ারুল হক, জেবেল রহমান গণি, গোলাম মোস্তফা, শফিউল আলম প্রধান, খন্দকার লুৎফর রহমান, অ্যাডভোকেট আবদুর রাকিব, ঈসা সাহির্দী ও রুহুল আমিন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন আইনজীবী মো. ইউসুফ আলী। জয়নুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত তাদের চার সপ্তাহের জামিন দিয়েছে। নিয়ম অনুসারে জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে যেতে হবে। যুক্তরাষ্ট্রে ‘ইসলামের জন্য অবমাননাকর’ চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সমমনা ১২টি দল কর্মসূচি দিলে গত শুক্রবার বিকাল ৫টা থেকে রাজধানীর পল্টন ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। ওই নিষেধাজ্ঞা অমান্য পরদিন মুসলিম সংগঠনগুলো মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশের কাজে বাধাদান, জনমনে আতঙ্ক সৃষ্টি, ভাঙচুরের অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৯০৫ ঘ.