২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে দেড় লাখ মানুষ পানিবন্দি

ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কুড়িগ্রাম জেলায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

কুড়িগ্রাম/সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কুড়িগ্রাম জেলায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানিয়ে বলেন, তৃতীয় দফা বন্যায় চলতি সপ্তাহে কুড়িগ্রাম সদরে ২৬৮ পরিবার গৃহহীন হয়েছে। এর মধ্যে ভোগডাঙ্গায়ায় ৬১টি, ঘোগাদহে ৯৪টি, মোগলবাসায় ৫টি, পাঁগাছিতে ৬৬টি ও যাত্রাপুর ইউনিয়নে ৪২টি পরিবার এবং নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় ৪০টি পরিবার গৃহহীন হয়ে পড়ে। “এছাড়া ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তাসহ ১৬টি নদ-নদী অববাহিকার ৪৫টি ইউনিয়নের দ্বীপচরের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।” আনোয়ার হোসেন আরো জানান, মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রৌমারী যাদুরচর ইউনিয়নের কর্তিমারী মাস্টার পাড়া গ্রামের দিনমজুর আব্দুর রশিদের ছেলে সোহেল (২) পানিতে ডুবে মারা যায়। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু তাহের বলেন, ২৪ ঘণ্টায় ব্র‏হ্মপুত্র নদের পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধরলা নদীর পানিও এদিন তিন সেন্টিমিটার বেড়েছে। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সজীব কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্যায় এ পর্যন্ত সাড়ে ৯ হাজার হেক্টর জমির আমন ফসল ও পাঁচশ হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৬ ঘ.