ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে এক মেয়ে শিশু ও কেরানীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তাদের পরিচয় জানা যায়নি।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের পিছনে দেয়াল ঘেরা ফাঁকা জায়গা থেকে ১১/১২ বছরের মেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। তার পরনে ছিল হলুদ রঙের সালোয়ার-কামিজ।
এদিকে দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের বালির ওপর থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক পঁচিশ বছর বয়সী ওই যুবককে ছুরি মেরে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম আখলাদ জানান, দুপুরে বালির ওপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল লুঙ্গি এবং কোমরে গামছা বাঁধা।
শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং যুবকের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২১০০ ঘ.
bdnews24