২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থাকার জন্যই সংবিধান সংশোধন: নোমান

বর্তমান সরকার আরও একবার ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 02:46 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার আরও একবার ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মুসলিম হলে ‘রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা ও দুর্নীতি: প্রেক্ষিত চট্টগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ তুলেন দলের এই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। নোমান দাবি করেন, সরকার দেশকে অকার্যকর করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। ‘দুর্নীতির’ কারণে পদ্মা সেতুর নির্মাণকাজ পিছিয়ে গেছে। ১০ মাস পিছিয়ে যাওয়ায় এই প্রকল্পে দুই হাজার কোটি টাকা বেশি খরচ হবে। “এর দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।” সাবেক এই মন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘বিশ্বচোরে’ পরিণত হয়েছে। বিশ্ব ব্যাংক বলছে- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি হয়েছে। কিন্তু সরকার বলছে কোন দুর্নীতি হয় নি। ১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামের কোনো উন্নয়ন করে নি বলেও অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে রায়টি হয়েছে ১৬ মাস আগে। কিন্তু প্রধান বিচারপতি অবসরে যাওয়ার পর রায়ের কপিতে স্বাক্ষার করেছেন। এই রায়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিফলন হয়েছে অভিযোগ করে মীর নাছির হুমকি দেন, বর্তমান সরকার ও শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি কখনও নির্বাচনে যাবে না। অনুষ্ঠানে কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, চট্টগ্রামের সমস্যার কোন শেষ নেই। চট্টগ্রামের মূল সমস্যা হচ্ছে- চট্টগ্রাম থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে ঢাকা। কেন্দ্রীকরণের ফলে সবকিছু ঢাকামুখী হয়ে পড়েছে। ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে চট্টগ্রামকে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিয়ে বন্দরনগরীকে কার্যকর দ্বিতীয় রাজধানী করার দাবিও জানান তিনি। বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার বলেন, বিভিন্ন কারণে চট্টগ্রাম অবহেলিত থকে। বিভিন্ন সরকার ক্ষমতায় আসার পরই চট্টগ্রামের উন্নয়নের কথা বলে, কিন্তু বাস্তবে কিছুই হয় না। এজন্য সব দলকে একসাথে মিলে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি। ইসলামী বিশ্ববিধ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইনাম উল হকের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরে অধ্যাপক ড. কাজী আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহামেদ, সাবেক সভাপতি ড. আ ন ম মুনির আহমদ চৌধুরী, অ্যধাপক ড. সিদ্দিক আহামদ, অধ্যাপক ড. হাসান মোহাম্মদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএ/২০৪৩ ঘ.